হেফাজতে ইসলামের লংমার্চে শামীম ওসমানের সমর্থন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নারায়ণগঞ্জের সাবেক সাংসদ শামীম ওসমান হেফাজতে ইসলামের কাল শনিবারের লংমার্চ কর্মসূচিতে সমর্থন দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত বুধবার রাতে হেফাজতে ইসলামের জেলা নেতাদের সঙ্গে বৈঠকের সময় তিনি ওই সমর্থন দেন। শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ার নবাব সলিমুল্লাহ সড়কে অবস্থিত বাগ-ই-জান্নাত জামে মসজিদে এশার নামাজের পর অনুষ্ঠিত বৈঠকে হেফাজতে ইসলামের নেতা, নারায়ণগঞ্জের ১৪টি মসজিদের ইমাম ও দুটি মাদ্রাসার চার শতাধিক ছাত্র অংশ নেন। শামীম ওসমানের পক্ষ থেকে মসজিদে ৫০০ লোকের রাতের খাবারের আয়োজন করা হয়। তবে বৈঠকে সাংবাদিকদের প্রবেশ করতে দেননি শামীম ওসমানের সমর্থকেরা।বৈঠকে অংশগ্রহণকারীদের কয়েকজন শামীম ওসমানের বক্তব্য রেকর্ড করেছেন। ওই রেকর্ড অনুযায়ী, শামীম ওসমান সমবেত ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘আমি আল্লাহ, রসুলে (সা.) বিশ্বাসী মানুষ। তাই আপনাদের লংমার্চে আমার সমর্থন রয়েছে। তবে লংমার্চ যাতে শান্তিপূর্ণ হয় সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন।’এ ব্যাপারে গতকাল রাত আটটার দিকে শামীম ওসমানের বক্তব্য জানতে চাইলে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছেন জানিয়ে ফোন রেখে দেন। তবে ৬ এপ্রিলের লংমার্চে শামীম ওসমানের সমর্থনের বিষয়টি নিশ্চিত করে গতকাল দুপুরে সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা আবদুল আউয়াল। শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকার রেলওয়ে জামে মসজিদের খতিব ও নারায়ণগঞ্জের প্রভাবশালী এই ধর্মীয় নেতা বলেন, ‘শামীম ওসমানের ফোন পেয়ে বাগ-ই-জান্নাত মসজিদে গিয়েছিলাম। সেখানে উপস্থিত সবাইকে আমি চিনি না। তিনি আমাদের ডাকা লংমার্চের কর্মসূচিতে পূর্ণ সমর্থন দিয়েছেন।’বৈঠকে অংশ নেওয়া নগরের ফকিরটোলা মসজিদের ইমাম মুফতি মীর মোহাম্মদ সিরাজুল ইসলাম গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, বৈঠকে শামীম ওসমান হেফাজতে ইসলামের লংমার্চ সমর্থন করে বক্তব্য দেন।