শাহবাগের গণজাগরণ মঞ্চসহ মুক্তিযুদ্ধপন্থী গণসংগঠনের শান্তিপূর্ণ অবস্থানে এবং নারী সাংবাদিকদের ওপর হেফাজতে ইসলামের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম-১৯৭১। গতকাল রোববার এক বিবৃতিতে এসব হামলায় জড়িত হেফাজতের জঙ্গি কর্মীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, হেফাজতের লংমার্চ ও ঢাকা সমাবেশ থেকে উচ্চারিত ১৩ দফা দাবির বেশির ভাগই বাংলাদেশের সংবিধান ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী। দাবিগুলো বাংলাদেশের উদার গণতান্ত্রিক ও প্রগতিশীল চরিত্রকে ক্ষতিগ্রস্ত করে। এটি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তরঞ্জিত দেশকে একটি জঙ্গি ও ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র। বিবৃতিতে দাবি করা হয়, দেশের ৯০ ভাগ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং তারা যুগের পর যুগ নির্বিঘ্নে তাদের নিজ ধর্মপালনসহ অন্য সব ধর্মের প্রতি উদার গণতান্ত্রিক ও প্রগতিশীল সংস্কৃতির চর্চা করে আসছে। বাংলার মানুষ কিছুতেই তাদের পবিত্র ধর্মকে উদার গণতান্ত্রিক ধারা থেকে বিচ্যুত হতে দেবে না। মুক্তিযুদ্ধ ও উদার গণতান্ত্রিক শক্তির প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বিজ্ঞপ্তি।