হেফাজতে নির্যাতনের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবেন
পুলিশ, র্যাবসহ সরকারি কোনো হেফাজতে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অমর্যাদাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারবেন। গত বছরের ২৭ অক্টোবর সরকার ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ)’ শীর্ষক এ-সংক্রান্ত একটি আইন প্রণয়ন করেছে। ভুক্তভোগীদের এর সঠিক ও সর্বোত্তম ব্যবহার করা উচিত।
নগরের উপশহর এলাকার একটি হোটেলের মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফাওজিয়া করিম ফিরোজ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের নির্বাহী পরিচালক সালমা আলী।
কর্মশালার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল সেভ দ্য চিলড্রেন ও ইউরোপিয়ান ইউনিয়ন। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইনজীবী সৈয়দা শিরিনা আক্তার, আবদুল্লাহ আল হাসান, এরশাদুল জামান, শহীদুজ্জামান চৌধুরী, আবুল খায়ের হেলাল আহমদ, সাইফুর রহমান প্রমুখ।
বক্তারা আইনটির বিভিন্ন দুর্বলতার কথা উল্লেখ করে সেসব বিধিমালায় সংশোধনের পক্ষে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন’ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমানে এটির একটি বিধিমালা প্রণয়ন জরুরি হয়ে পড়েছে। এই আইনের সফল প্রয়োগ নিশ্চিতকরণের জন্য পুলিশ, আইনজীবীসহ সংশ্লিষ্টদের ব্যাপক সচেতনতা জরুরি। এ আইনটির প্রয়োগ মাঠ পর্যায়ে যথাযথভাবে শুরু হলে সাধারণ মানুষের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের পরিমাণ অনেকটাই কমে আসবে।
স্বাগত বক্তব্যে সালমা আলী বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মামলা গ্রহণ, আসামি গ্রেপ্তারসহ সংশ্লিষ্ট কাজগুলো করার সময় অনেক বেশি সচেতন থাকতে হবে।