হেফাজতে ব্যবসায়ীর মৃত্যু: পাঁচ পুলিশ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশি হেফাজতে নির্যাতনে ব্যবসায়ী মোহাম্মদ রুকনুজ্জামানের (৪০) মৃত্যুর অভিযোগে করা মামলায় দুই পুলিশকে আজ মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া এই ঘটনায় আরও পাঁচজন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রশাসন) এ কে এম শহীদুর রহমান প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে ব্যবসায়ী রুকনুজ্জামানের মৃত্যু হয়েছে বলে উল্লেখ রয়েছে। এ প্রতিবেদনের ভিত্তিতে নিহতের স্ত্রী বাকলিয়া থানায় পুলিশের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলায় আসামি হওয়ায় বাকলিয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) এনায়েতুর রহমান, পাঁচলাইশ থানার কনস্টেবল মিজানুর রহমান, মোছলেম, খোকন মিয়া ও আকবরকে সাময়িক বরখাস্ত করে দামপাড়া পুলিশ লাইনে পাঠানো হয়েছে। তাঁদের সঙ্গে থাকা আনসার সদস্য শহিদুল আলমকে বরখাস্ত করার চিঠি লিখে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মুহাম্মদ রেজাউল মাসুদ বলেন, পুলিশি হেফাজতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে করা হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচলাইশ থানার এসআই আমির হোসেন ও কনস্টেবল শাহ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম রহমত আলী শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আসামিদের জামিনের আবেদন করা হলে তা নাকচ করে দেন বিচারক।

১৮ জুন রাতে নগরের বাকলিয়া এহসান সিটি এলাকায় আবাসন ব্যবসায়ী রুকনুজ্জামানকে পাঁচলাইশ থানার একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার করতে যায় পুলিশ। পিস্তল ঠেকিয়ে তাঁকে পুলিশের গাড়িতে তোলে। এ সময় এসআই আমির হোসেনের নেতৃত্বে আসামিরা কিল-ঘুষি মেরে নির্যাতন করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ২৫ জুন আদালতে সাত পুলিশসহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা করেন নিহতের স্ত্রী শিমু আক্তার। আদালত মামলাটি নগর গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নগর গোয়েন্দা পুলিশ গতকাল সোমবার রাতে নগরের পাঁচলাইশ থানা থেকে ওই থানার এসআই আমির হোসেন ও কনস্টেবল শাহ আলমকে গ্রেপ্তার করেন। আজ তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠান বিচারক।