হেফাজতে মৃত্যু আইন সংশোধনের প্রস্তাবে আসকের উদ্বেগ
নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন সংশোধনের প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এ প্রস্তাব অবিলম্বে প্রত্যাখ্যান করতে বলেছে আসক।
একই সঙ্গে সরকারকে স্পষ্ট করে বলতে বলা হয়েছে, ‘যার বিরুদ্ধেই নির্যাতনের অভিযোগ আসুক না কেন, তা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্ত করা হবে। নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া না গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের স্বাক্ষরে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে পরিবর্তন আনতে পুলিশের সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এসব সংশোধনী সংবিধানের বিদ্যমান বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। হেফাজতে নির্যাতন ও মৃত্যুর ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময় হেফাজতে নির্যাতন এবং নির্যাতনের ফলে মৃত্যুর অভিযোগ উঠছে।
বর্তমানে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে হেফাজতে ‘বিচারবহির্ভূতভাবে’ হত্যার অভিযোগ উঠছে, তখন তাদের তরফ থেকে এ আইনের সংশোধনী এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির ঊর্ধ্বে রাখার প্রস্তাব অত্যন্ত উদ্বেগজনক।
প্রসঙ্গত, ৫ মার্চ প্রথম আলোতে ‘নিজেদের সুবিধায় আইনের সংশোধন চায় পুলিশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর
পর থেকে বিভিন্ন মানবাধিকার সংগঠন এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।