হেফাজতে রেখে 'নিখোঁজ' হাসানকে খুঁজছে ডিবি?
পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যদের বিরুদ্ধে মিরপুরের শাহ আলী মার্কেট থেকে এক বিক্রয় প্রতিনিধিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই বিক্রয় প্রতিনিধির নাম মো. হাসান। ৭ জানুয়ারি সন্ধ্যায় তাঁকে তুলে নিয়ে যায় সাদাপোশাকে চার-পাঁচজনের একটি দল। মার্কেটের লোকজন ওই দলের একজনকে উপপরিদর্শক আনসার আলী বলে চিহ্নিত করেছেন।
তবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার কমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, এই নামে কাউকে ডিবি গ্রেপ্তার করেনি। তবে আনসার আলী নামে কেউ ডিবিতে আছেন কি না, সে বিষয়টি তিনি নিশ্চিত করেননি।
মো. হাসানের একজন আত্মীয় প্রথম আলোকে বলেন, ‘হাসান শাহ আলী মার্কেটে সুমন ফ্যাশনস নামের একটি শাড়ির দোকানে বিক্রয় প্রতিনিধির কাজ করতেন। গত ৭ জানুয়ারি তিনি মাগরিবের নামাজ পড়ে আবার দোকানে ফিরছিলেন। বাসায় না ফেরায় আমরা হাসপাতাল, থানা সব জায়গায় খোঁজখবর করি। পরে মার্কেট কমিটির সঙ্গে দেখা করে সিসিটিভি ফুটেজ চাই। ফুটেজে দেখি সাদাপোশাকে চার-পাঁচজন লোক আমার ভাগনেকে তুলে নিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, শাহ আলী মার্কেটের এক দোকানদার চার-পাঁচজনের দলের একজনকে শনাক্ত করেন। তিনি জানান, ওই ব্যক্তির নাম আনসার আলী, যিনি পল্লবী থানার উপপরিদর্শক ছিলেন।
পরিবারের পক্ষ থেকে ৮ জানুয়ারি কাফরুল থানায় অভিযোগ করতে গেলে পুলিশ একটি নিখোঁজ জিডি নেয়। স্বজনেরা অভিযোগ করেন, থানায় বসে মো. হাসানের মা মোসাম্মৎ হালিমা যখন কাঁদছিলেন, তখন শাহ আলম মোল্লা নামের এক ব্যক্তি ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। কথা বলিয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। নিখোঁজ অবস্থা থেকে মো. হাসান একদিন তাঁর মায়ের মুঠোফোনে কল করেন। তিনি বলেন, তাঁর খুব কষ্ট হচ্ছে।
এরপর শাহ আলম মোল্লা ১০ লাখ টাকা দিলে ছেলেকে ছাড়িয়ে আনবেন বলে কথা দেন। এ নিয়ে আলাপ–আলোচনার জন্য শাহ আলম মোল্লা মালিবাগ চৌধুরীপাড়ায় মেডিনোভা হাসপাতাল ও একটি কমিউনিটি সেন্টার-সংলগ্ন এলাকায় রেস্তোরাঁয় তাঁদের নিয়ে বসান। কথা ছিল ওই দিন মো. হাসানের ছবি ও ভিডিও দেখাবেন। কিন্তু কিছুই দেখাননি। তবু মো. হাসানের পরিবার পাঁচ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তাঁদের রূপনগরের ইস্টার্ন হাউজিংয়ের বাসা থেকে টাকা নিয়ে যাওয়ার অনুরোধ করেন। শাহ আলম মোল্লা রূপনগরের বাসায় গেলে পুলিশ তাঁকে ধরে ফেলে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম প্রথম আলোকে বলেন, ‘১৮ ফেব্রুয়ারি আমরা শাহ আলম মোল্লাকে ধরি। নিখোঁজ ছেলেকে পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করেছিল বলে অভিযোগ ছিল। তবে আমরা এখনো এই দাবির সত্যতা পাইনি।’ শাহ আলম কি পুলিশের তথ্যদাতা—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে পল্লবী এলাকাতেই থাকে। সোর্স ঠিক না। তবে বাইরে বলে সে থানায় কাজটাজ করে।’
শাহ আলম মোল্লাকে ধরলেও মো. হাসানের খোঁজ পাওয়া যায়নি। পরিবারটিকে কাফরুল থানা–পুলিশ কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে। তবে কাফরুল থানার উপপরিদর্শক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। চেষ্টা তো করছি। দেশের সব থানায় ওয়্যারলেসে খবর পৌঁছানো হয়েছে। এর মধ্যে একদিন আমি ফোন করেছিলাম।’
হাসানের মা হালিমা বেগম বললেন, ছেলে ডিবির কাছে আছে বলে তিনি জানতে পেরেছেন।