হেফাজতের আজকের সমাবেশ স্থগিত
ঢাকায় আজ মঙ্গলবারের মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
গতকাল সোমবার সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী সংবাদ সম্মেলন করে এ কথা জানান। রাজধানীর বারিধারার জামেয়া মাদানিয়া মাদ্রাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নূর হোসাইন কাসেমী বলেন, ‘যাবতীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও সরকারের বাধার কারণে আমাদের মহাসমাবেশ বাস্তবায়ন করতে পারছি না।’ তিনি সরকারের বাধার নিন্দা জানান এবং এর বিচারের ভার জনগণের আদালতে দেন।
পুলিশ থামিয়ে দিল শফী ও বাবুনগরীকে: প্রথম আলোর হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, পূর্বঘোষিত মহাসমাবেশে অংশ নেওয়ার জন্য চট্টগ্রামের হাটহাজারী থেকে গতকাল সকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন হেফাজতের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী। পুলিশের বাধায় আসতে পারেননি।
পরে হাটহাজারী বড় মাদ্রাসায় এক সংবাদ ব্রিফিংয়ে জুনায়েদ বাবুনগরী অভিযোগ করেন, পুলিশি বাধার কারণে তাঁরা ঢাকায় যেতে পারেননি।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় যাওয়ার উদ্দেশে শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরী হাটহাজারী বড় মাদ্রাসা থেকে বের হওয়ার পর পুলিশ তাঁদের থামায়। অবরোধের মধ্যে ঢাকায় না যাওয়ার জন্য অনুরোধ করে। এরপর হেফাজতের দুই নেতা মাদ্রাসার ভেতর ফিরে যান।
হেফাজতের আমির ও মহাসচিবকে ঢাকার সমাবেশে যেতে না দেওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতের হাটহাজারী উপজেলা ও পৌর কমিটি।