হেফাজতের আন্দোলনে বিএনপির নৈতিক সমর্থন
কথিত ‘নাস্তিক’ ব্লগারদের বিরুদ্ধে হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক দলগুলোর আন্দোলনের প্রতি সম্পূর্ণ নৈতিক সমর্থন রয়েছে প্রধান বিরোধী দল বিএনপির।গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।মির্জা ফখরুল বলেন, পথভ্রষ্ট কিছু ব্লগার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতিতে অশালীন ও কুরুচিপূর্ণ পন্থায় আঘাত করছে, যা কাম্য নয়। এটা ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ। তিনি আরও বলেন, ‘এ বিষয়ে দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখরা উদ্বেগ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমরা তাঁদের এই ন্যায়সংগত দাবির প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি।’ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে তিনজন ব্লগারকে গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তাদের কেন গ্রেপ্তার করা হয়েছে, তারাই প্রধান অভিযুক্ত ব্লগার কি না, উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে কি না, তা তাঁরা সঠিক জানেন না। তিনি দাবি করেন, বিএনপি কখনো ধর্মীয় স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করতে চায় না। কিন্তু সরকার ব্লগারদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এই সংকটের পরিস্থিতি সৃষ্টি করেছে।১৮-দলীয় জোটের গতকাল সকাল-সন্ধ্যা হরতাল শেষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে হরতালে দুজন নিহত ও ৩৮২ জন আহত হয়েছে। বিরোধী দলের ২০৬ জন নেতা-কর্মী গ্রেপ্তার ও পাঁচ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি দাবি করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অভিযোগ, সরকার মামলা-হামলার মাধ্যমে বিরোধী দলের আন্দোলন বন্ধ করতে চায়। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হয়। মামলা, গুম, খুন করে আন্দোলন বন্ধ করা যাবে না। বিরোধী জোটের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।