হেফাজতের আমির আহমদ শফীকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আহমদ শফীকে গ্রেপ্তারের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার অঙ্গসংগঠন সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরের মঞ্চে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি সুরাইয়া শরীফ। এতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন, সাধারণ সম্পাদক রোকেয়া পারভীন, ছাত্র ইউনিয়নের সভাপতি নাসরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য। সমাবেশে বক্তারা বলেন, নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে আহমদ শফী বিশ্বের সব নারীকে অপমান করেছেন। এ বক্তব্যে পুরুষেরাও অপমানিত হয়েছে। এ জন্য শফীকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।