হেফাজতের এক কর্মীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর
হেফাজতে ইসলামের এক কর্মীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামির নাম জিয়াউল হক ফারুকী। আজ রোববার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন শুনানি শেষে এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, সহিংসতার দুই মামলায় আসামি জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করতে হাটহাজারী থানা-পুলিশ ১৪ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়। এ সময় মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় হাটহাজারী থানায় সাড়ে ৪ হাজার জনকে আসামি করে ১০টি মামলা করে পুলিশ। এতে জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়। ১০ মামলায় এ পর্যন্ত ৮১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।