৫ ও ৬ মে ঢাকার মতিঝিলসহ দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর পুলিশ ‘নির্বিচারে গুলিবর্ষণ’ করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এরশাদ এ অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘রাতের আঁধারে হেফাজতের শান্তিপূর্ণভাবে অবস্থানরত ও ঘুমন্ত কর্মীদের ওপর যে ধরনের গুলি ও হামলা চালানো হয়েছে, তা নজিরবিহীন। দেশে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া গণতন্ত্র, পরবর্তী নির্বাচন ও সংবিধানের জন্য সহায়ক নয়।’ তিনি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক তথ্য দেশবাসীর সামনে উপস্থাপন এবং নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।এরশাদ বলেন, হেফাজত সরকারের অনুমতি নিয়ে শাপলা চত্বরে সমাবেশ করেছিল। সমাবেশ চলাকালে সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করেছে। সমাবেশস্থলের বাইরে যে ঘটনা ঘটেছে, তার দায়িত্ব হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দেওয়া যাবে না। যারা অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হোক। তিনি বলেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করতে হবে। পরিস্থিতি সামাল দিতে সরকার ও সংশ্লিষ্ট সব মহলকে সহনশীলতার পরিচয় দিতে হবে।সাবেক রাষ্ট্রপতি এরশাদ বিবৃতিতে এ ঘটনায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহত ব্যক্তিদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অবিলম্বে সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে দেশবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।