হেফাজতের কর্মকাণ্ড রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম রক্ষার নামে গত রবি ও সোমবার হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। সংগঠনগুলোর পক্ষ থেকে এদের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছেও দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ বিবৃতিতে বলেছে, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা যেভাবে এই দেশকে ধ্বংস করতে চেয়েছিল, রাজাকার-আলবদরদের এই নতুন সংস্করণ ৪২ বছর পরও বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বিবৃতিতে বলেছেন, হেফাজতিরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য করাত, হাতবোমা, ককটেলসহ নানা ধরনের অস্ত্র সঙ্গে নিয়ে আসে, যা বিভিন্ন টেলিভিশন চ্যানেল দেখিয়েছে। হেফাজতিদের কর্মসূচিতে বিএনপি মদদ দেওয়ায় তারও নিন্দা জানিয়ে নৈরাজ্য সৃষ্টিকারী বিশেষ করে যাঁরা নেতৃত্ব দিয়েছে, তাঁদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনারও দাবি জানান তাঁরা।

পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা বিবৃতিতে বলেছেন, বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ধরনের নৈরাজ্য সৃষ্টির ঘটনাকে ২৫ মার্চের কালোরাত্রির সঙ্গে তুলনা করে বিএনপি-জামায়াত জোট চিরাচরিতভাবে মহান মুক্তিযুদ্ধকে হেয় করে চলছে, যা কোনোভাবেই স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ মানুষ মেনে নিতে পারে না।

পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহউদ্দীন, মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খানসহ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত প্রমুখ স্বাক্ষর করেছেন।

বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের নেতারা জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেছেন, হেফাজতে ইসলাম শান্তির ধর্ম পবিত্র ইসলামের অনুসারী কোনো সংগঠন নয়, এটি একটি সন্ত্রাসবাদী জঙ্গি সংগঠন। সংবাদ সম্মেলনে মাওলানা জিয়াউল হাসান হেফাজতে ইসলামকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতারাও এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে বলেছেন, ঢাকা অবরোধের নামে জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে হেফাজতিদের স্বরূপ উন্মোচিত হয়েছে।

গার্মেন্টস শ্রমিক রক্ষা আন্দোলন, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট, সিটিজেনস রাইটস মুভমেন্ট, বাংলাদেশ যুবমৈত্রী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ, কেন্দ্রীয় যুব সংগ্রাম পরিষদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন বিবৃতিতে প্রতিবাদ জানিয়েছে।