একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। তিনি গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের শিশু একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় সরকারের কাছে এ দাবি জানান। শহীদজননী জাহানার ইমামের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শাহরিয়ার কবির এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবেদ খান। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার শাহাবউদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, প্রজন্ম একাত্তরের সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাবেক ছাত্রনেতা সীমান্ত তালুকদার প্রমুখ। সভা পরিচালনা করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর শওকত বাঙালি।শাহরিয়ার কবির তাঁর বক্তব্যে ৫ মে ঢাকায় হেফাজতের অবরোধ কর্মসূচি সম্পর্কে বলেন, ‘৫ মেকে ঘিরে যে ষড়যন্ত্র হয়েছে, গত ৪২ বছরের মধ্যে রাষ্ট্রের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র আর হয়নি। হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী, মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ অন্যান্য নেতারা এ দায় এড়াতে পারেন না।’