আবদুল লতিফ সিদ্দিকীকে জামিনে মুক্তি দেওয়ার প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আমির নূর হোসেন কাসেমী বলেছেন, অবিলম্বে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না করলে শিগগির আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
গতকাল সোমবার রাজধানীর বারিধারা জামেয়া মাদানিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলামের ইফতার অনুষ্ঠানে নূর হোসেন কাসেমী এ হুঁশিয়ারি দেন। এ বিষয়ে কাল বুধবার সকালে বারিধারা মাদ্রাসায় সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
অনুষ্ঠানে হেফাজতের ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব জুনায়েদ আল হাবিব বলেন, লতিফ সিদ্দিকী দুনিয়ার মুসলমানদের ওপর আঘাত দিয়েছেন। তাঁকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। আর তা না হলে যেকোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে।
ইফতারে হেফাজত নেতা মোস্তফা আজাদ, আবদুর রকিব, আবদুর রব ইউসুফী, ওবায়দুল্লাহ ফারুক, ফজলুল করিম, আহমদ আবদুল কাদের প্রমুখ অংশ নেন।
ঢাকায় বিক্ষোভ: এদিকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল মাগরিবের নামাজের পর লালবাগের শাহি মসজিদ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। এতে নেতৃত্ব দেন ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। একই সময় পুরানা পল্টনের কালভার্ট রোডে বাংলাদেশ ছাত্র খেলাফত মিছিল করেছে। আবুল হাসানাত আমিন এর নেতৃত্ব দেন।