হেফাজতের কর্মসূচি নিয়ে সন্দেহ রয়ে গেছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হেফাজতে ইসলামের কর্মসূচি ইসলাম ও নবীর (সা.) প্রতি শ্রদ্ধা কি না, এ নিয়ে সন্দেহ রয়েছে। হেফাজতের মহাসমাবেশ শেষে গতকাল শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের টিসিবি ভবনে ব্যক্তিগত কার্যালয়ে হানিফ সাংবাদিকদের এ কথা বলেন।হানিফ বলেন, ‘নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো ন্যায়সংগত। জামায়াতের প্রতিষ্ঠাতা মওদুদী আল্লাহ ও তাঁর রসুলকে (সা.) নিয়ে অনেক কটূক্তি করেছে। আশা করেছিলাম, তারা মওদুদীর বিচার চাইবে। কিন্তু তা করেনি। যে কারণে হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে আমাদের সন্দেহ রয়ে গেছে।’এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘সরকারকে নাস্তিক্যবাদী বলাটা অযৌক্তিক। এভাবে কাউকে নাস্তিক বলা ঠিক নয়। তা ছাড়া “নাস্তিক” শব্দটা কোরআনে আছে কি না, এ নিয়ে প্রশ্ন আছে।’৮ এপ্রিল হরতাল ডাকা প্রসঙ্গে হানিফ বলেন, ‘হেফাজতের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছিল। তখন মহাসমাবেশ থেকে কিছু লোক “হরতাল হরতাল” বলতে থাকে। যারা এ স্লোগান দিয়েছে, তারা বিএনপি ও জামায়াতের বলে মনে হচ্ছে। এদের চাপেই হেফাজতে ইসলাম হরতাল দিয়েছে। তা না হলে তারা হয়তো হরতাল দিত না। এ হরতালের কোনো যৌক্তিকতা নেই।’ হানিফ বলেন, হেফাজত ইসলাম কথা দিয়েছিল, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। তারা কথা রেখেছে। সরকার তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করেছে। তিনি দাবি করেন, হেফাজতের কর্মসূচি শেষে কিছু লোক শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলার চেষ্টা চালিয়েছে। তারা হেফাজতের নয়, বিএনপি-জামায়াতের কর্মী।সরকার নৈরাজ্য সৃষ্টি করে জরুরি অবস্থা জারি করতে চায়—বিএনপির নেতাদের এই অভিযোগের জবাবে হানিফ বলেন, বিরোধী দল ক্ষমতালিপ্সু হয়ে মানবতাবিরোধী ও ধর্মীয় সংগঠনগুলোকে উসকে দিচ্ছে।