হেফাজতের কর্মসূচিতে জাপার দুই নেতার মৃত্যু নিয়ে বাদানুবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ৫ মের ঢাকা অবরোধ কর্মসূচির দিন রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে জাতীয় পার্টির (জাপা) দুই নেতার মৃত্যু হয়েছে। এ নিয়ে গতকাল মঙ্গলবার দলটির সভাপতিমণ্ডলীর সভায় নেতাদের মধ্যে বাদানুবাদ হয়েছে। নেতারা জানতে চেয়েছেন, দলের দুই নেতা পুলিশের সঙ্গে সংঘর্ষে নাকি নির্বিচারে গুলিবর্ষণের শিকার হয়ে মারা গেছেন। গতকাল সকালে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের সভাপতিত্বে তাঁর বনানীর কার্যালয়ে এ সভা হয়। বৈঠক-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সভার শুরুতে এরশাদ বলেন, হেফাজতে ইসলামের কর্মসূচিতে জাতীয় পার্টির কেবল পানি ও খাবার বিতরণের কথা ছিল। সেখানে দলের দুই নেতা কেন, কীভাবে মারা গেলেন? তিনি এ বিষয়ে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের কাছে জানতে চান। এর জবাবে রুহুল আমিন হাওলাদার জানান, হেফাজতের কর্মীদের সেবা দিতেই জাপার নেতা-কর্মীরা তোপখানা রোড়ে দলীয় কার্যালয়ের সামনের সড়কে উপস্থিত হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে হেফাজতের সংঘর্ষ বেধে গেলে তার মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাতীয় শ্রমিক পার্টির ঢাকা মহানগর নেতা কাজী রকিব হোসেন ও জাতীয় যুব সংহতির গেন্ডারিয়া থানার সভাপতি আলমগীর হোসেন। বৈঠক সূত্র জানায়, এ সময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ মহাসচিবের এ বক্তব্যের সঙ্গে দ্বিমত জানান। তিনি বলেন, জাপার কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালে তাঁরা গুলিতে নিহত হন। আনিসুল ইসলাম মাহমুদের বক্তব্যের বিরোধিতা করেন দলের জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমদ। ওই দিন তিনি তোপখানা রোডের দলীয় কার্যালয়ে উপস্থিত থাকা ও নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে আরও অনেকের সঙ্গে জাতীয় পার্টির নেতা-কর্মীরা গুলিবিদ্ধ হন।