হেফাজতের কর্মসূচিতে নাগরিক অধিকার রক্ষা কমিটির সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ৬ এপ্রিল ঢাকা অভিমুখী লংমার্চ ও সমাবেশ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে সদ্য গঠিত নাগরিক অধিকার রক্ষা কমিটি। গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক কবি ও উন্নয়নকর্মী ফরহাদ মজহার এই সমর্থনের কথা জানান। তবে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতি তাঁদের কোনো সমর্থন আছে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।লিখিত বক্তব্যে ফরহাদ মজহার বলেন, এই কর্মসূচি নির্বিঘ্নে পালন বাংলাদেশের নাগরিকদের মানবিক ও সাংবিধানিক অধিকারের অন্তর্ভুক্ত। ফরহাদ মজহার বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর আহ্বানে সারা দেশ থেকে ধর্মপ্রাণ মানুষসহ জনগণের ঢাকামুখী কাফেলা ও রাজধানীর সমাবেশকে সফল করে তুলুন। এই কাফেলার পাশে দাঁড়ান। যাত্রাপথে তাঁদের এগিয়ে দিন। সামর্থ্য অনুযায়ী খাবার ও পানি সরবরাহ করুন।লংমার্চে অংশগ্রহণকারীদের যাত্রাপথ বাধাহীন ও নির্বিঘ্ন করার দাবি জানিয়ে সরকারের প্রতি ফরহাদ মজহার বলেন, এই মুসাফিরদের থাকা, খাওয়া ও পানি খরচের উপযুক্ত ব্যবস্থা করুন।ফরহাদ মজহার সতর্ক করে বলেন, কর্মসূচিতে কোনো ধরনের সংঘাত বা অশান্তি সৃষ্টি হলে শেখ হাসিনা সরকারকে দায় বহন করতে হবে। সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ । ‘সাম্য, মানবিক মর্যাদা ও ইনসাফ কায়েমের লক্ষ্য’ নিয়ে গত রোববার নাগরিক অধিকার রক্ষাবিষয়ক জাতীয় কমিটি গঠন করেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। জাতীয় প্রেসক্লাবের মাঠে বুদ্ধিজীবী, পেশাজীবী, লেখক ও শিল্পীদের এক মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ওই সভার আয়োজন করে।