আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সরকারকে উৎখাতের লক্ষ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মসূচিতে বিএনপি-জামায়াত লাশ চেয়েছিল। এই কর্মসূচিকে উপলক্ষ করে তারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হয়নি।গতকাল সোমবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উদ্যাপন কমিটির প্রস্তুতি বৈঠকে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘খালেদা জিয়া কোন আদর্শে বিশ্বাস করেন? জিয়াউর রহমানের, জামায়াতের, নাকি হেফাজতের আদর্শে বিশ্বাস করেন? এটা আজ জাতি জানতে চায়।’মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেওয়া কর্মসূচি সম্পর্কে নাসিম জানান, ১৭ এপ্রিল সকাল ছয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাতটায় বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল সাড়ে সাতটায় বনানী ও রাজশাহীতে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।এ ছাড়া বেলা ১১টায় মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্যবিষয়ক সম্পাদক আফজল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী প্রমুখ।