ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিকে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন। এ হুমকি মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি বলে তিনি মনে করেন। গতকাল মঙ্গলবার রাজধানীতে রাজনৈতিক সংস্কৃতিবিষয়ক এক আলোচনায় আলব্রেখট কনজে এ মন্তব্য করেন। রাজধানীর জার্মানির গ্যেটে ইনস্টিটিউটে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন ব্লগার ও সমাজকর্মী শাবানাজ দিয়া, বিটিভির সংবাদ পাঠিকা গুলসেতিন আহমেদ, চলতি বছর বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপে বিজয়ী দুই বিতার্কিক আকিব হোসেন ও রাতিব আলী। আলোচনায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন চলচিত্র নির্মাতা অ্যাডাম দৌলা। জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে বলেন, ‘ইদানীং আমরা যা দেখছি, তাতে শুধু আমার পশ্চিমা সহকর্মীই নয়, সবাই হতবাক হয়ে পড়ছে।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্র যখন এমন হুমকির মুখে, তখন কি প্রধান দুই দলের ঐকমত্য জরুরি নয়?’