হেফাজতের দাবির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে নারীদের বিক্ষোভ
হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে নারী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের নারী সংগঠনগুলো ‘সমিঞ্চলিত প্রগতিশীল ঠাকুরগাঁওবাসী’র ব্যানারে শহরের চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শুরুর আগে ঠাকুরগাঁওয়ের নারী সংগঠনের সদস্যরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসেন। বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল্লা, ইমরান চৌধুরী, মনসুর আলী, রাজিউর রহমান, আয়েশা আক্তার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, হেফাজতে ইসলাম তাদের ১৩ দফার মাধ্যমে বাংলাদেশকে মধ্যযুগীয় অন্ধকার যুগে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের সংবিধানে যেখানে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে, সেখানে হেফাজতে ইসলামের নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধের দাবি নারী অধিকার ও নারী উন্নয়নকে বাধাগ্রস্ত করার চক্রান্ত।