হেফাজতের দুই নেতার বিএনপির জোটভুক্ত দলে যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী ও মহাসচিব জুনায়েদ আল হাবীব বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগ দিয়েছেন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের একটি মাদ্রাসায় তাঁরা দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
এর আগে আবদুর রব ইউসুফী প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির পদে ছিলেন। আর জুনায়েদ আল হাবীব ছিলেন মুফতি ফজলুল হক আমিনীর দল ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব।
জানতে চাইলে আবদুর রব ইউসুফী প্রথম আলোকে বলেন, ‘ইসলামি দলগুলোর মধ্যে চরম বিভক্তি। কেউ এক হতে পারে না। দেখি, একটা দলকে এগিয়ে নিতে পারি কি না।’
জুনায়েদ আল হাবীবের দল ত্যাগ সম্পর্কে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক আলতাফ হোসাইন বলেন, ‘মুফতি আমিনী জীবদ্দশায় তাঁকে ইসলামী মোর্চার মহাসচিব ও ঐক্যজোটের যুগ্ম মহাসচিবের পদ থেকে বাদ দেন। এর পর থেকে তিনি আমাদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন।’