হেফাজতের দোয়া দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশ গতকাল শুক্রবার সারা দেশে ‘দোয়া দিবস’ পালন করেছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন কওমি মাদ্রাসায় ‘খতমে বোখারি’, ‘খতমে ইউনুছ’ ও ‘খতমে কোরআন’ শেষে বিশেষ মোনাজাত করা হয়।আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্রদের মুক্তি কামনায় গত বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করা হয়।গতকাল বিকেলে রাজধানীর লালবাগ মাদ্রাসায় খতমে কোরআন, খতমে বোখারি ও খতমে ইউনুছ শেষে মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির নেতারা মাহমুদুর রহমান এবং হেফাজতের গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন। তাঁরা বলেন, ইসলাম, মানবতা ও স্বাধীনতার পক্ষে কথা বলার কারণে মাহমুদুর রহমান সরকারের চক্ষুশূলে পরিণত হয়েছেন। তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে দেশপ্রেমিক তৌহিদি জনতা দুর্বার আন্দোলনে নামতে বাধ্য হবে। সংগঠনের ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি মোহাম্মদ তৈয়্যবের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল কাশেম, মাওলানা যোবায়ের আহমদ, আজিজুল হক প্রমুখ।এ ছাড়া জুমার নামাজের পর রাজধানীর কল্যাণপুর জামিয়া ইমদাদিয়া মাদ্রাসায়, মিরপুর আরজাবাদ মাদ্রাসা, পুরান ঢাকার বড় কাটারা মাদ্রাসা, কামরাঙ্গীরচর জামিয়া নূরীয়া মাদ্রাসা ও দারুল উলুম কাকরাইলে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয় বলে সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।মোহাম্মদপুরে সমাবেশ: বিকেলে ঢাকার মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক মাঠে ‘শানে রেসালাত’ সমাবেশ করে হেফাজতে ইসলামের মোহাম্মদপুর অঞ্চল শাখা। সমাবেশে নেতারা নাস্তিকদের পক্ষ ছেড়ে দিয়ে তৌহিদি জনতার কাতারে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আগামী নির্বাচনে এর কড়া জবাব দেওয়া হবে বলে হুমকি দেন।সংগঠনের মোহাম্মদপুর অঞ্চলের আহ্বায়ক মাওলানা আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আশরাফ আলী। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল হামিদ, আশরাফ আলী নিজামপুরী, মহানগরের নেতা জালালুদ্দীন আহমদ প্রমুখ।