আজ শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া ও সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের। এর মধ্যে বেলা তিনটায় রাজধানীর পুরানা পল্টনে হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের গলিতে সমাবেশ ও পরে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনের ঢাকা মহানগর কমিটি।হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির প্রচার শাখার প্রধান মাওলানা আহলুল্লাহ ওয়াসেল গত রাতে প্রথম আলোকে বলেন, পুরানা পল্টনে বিক্ষোভ সমাবেশ শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচিতে বাধা, সোমবারের হরতালে বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মারধর ও গ্রেপ্তারের প্রতিবাদে ৬ এপ্রিল ঢাকার মহাসমাবেশ থেকে হেফাজত এ কর্মসূচি দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ব্রাহ্মণবাড়িয়ায় ‘শানে রেসালত’ সম্মেলন করবে হেফাজতে ইসলাম। আজ সকাল ১০টায় পৌর মুক্ত মঞ্চে এ সম্মেলন হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে জেলায় ব্যাপক প্রচার চালানো হয়েছে। গতকাল শহরের জামিয়া ইউনুছিয়া মাদ্রাসায় সভা হয়।