হেফাজতের বেআইনি কর্মকাণ্ডকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের বেআইনি কর্মকাণ্ডকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য যা যা করা দরকার, সরকার তার সবই করবে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা জানান।

 বৈঠক সূত্রে জানা গেছে, রাজধানীতে হেফাজতের তাণ্ডবলীলার উসকানিদাতা এবং এ তাণ্ডবলীলায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, তাদের সবার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ছাড়া গাড়ি পোড়ানোর বিষয়ে যারা জড়িত, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। চিহ্নিতের পর এদের বিরুদ্ধে সন্ত্রাস দমন এবং দ্রুত বিচার আইনে মামলা করা হবে বলে জানিয়েছে সূত্র।

বৈঠকে উপস্থিত কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী জানান, এত দিন ইসলামের কথা বলে হেফাজতে ইসলাম বিভিন্ন কর্মসূচি দিয়েছে, কিন্তু রোববার তাদের আসল চেহারা বেরিয়ে এসেছে। এর ফলে জাতি জানল হেফাজতে ইসলাম কার হেফাজত করে।

সূত্র জানায়, হেফাজতে ইসলাম সম্পর্কে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেছেন, আর কোনো এলাকায় সংগঠনটি যাতে এ রকম ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে তৎপর থাকতে হবে। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, হেফাজতের কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী সমর্থন দিয়েছেন। এঁরাই মূল উসকানিদাতা।

মন্ত্রিসভার সদস্যরা আরও জানান, সংগঠনটির নেতা-কর্মীরা বায়তুল মোকাররমের সামনে পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছেন এবং জায়নামাজে আগুন দিয়েছেন। এদের যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে।

পোশাক কারখানার নিরাপত্তায় কমিটি: মন্ত্রিসভার বৈঠকে দেশের সব পোশাক কারখানার নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে সভাপতি করে সরকারের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সহসভাপতি করা হয়েছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানকে। কমিটি তিন মাসের মধ্যে দেশের সব পোশাক কারখানা ঘুরে দেখে মন্ত্রিসভা কমিটিতে প্রতিবেদন দেবে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভায় এর আগের বৈঠকে একজন প্রতিমন্ত্রীর নেতৃত্বে এ কমিটি করার কথা হলেও তা পরিবর্তন করে একজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে নিয়ে এ কমিটি করা হয়েছে।

উপানুষ্ঠানিক শিক্ষা আইন অনুমোদন: দুই ধরনের শিক্ষাক্রম নির্দিষ্ট করে উপানুষ্ঠানিক শিক্ষা আইন, ২০১৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষ, বস্তিবাসী, পথশিশু, যারা কখনো বিদ্যালয়ে যায়নি, ক্ষুদ্র- নৃ-গোষ্ঠী, ঝরে পড়াদের শিক্ষাব্যবস্থা একটি আইনের কাঠামোতে নিয়ে আসতে এ আইন করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত হকারদের পুনর্বাসনের নির্দেশ: ঢাকায় রোববারের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের তালিকা করার জন্য সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরকে তালিকা করতে বলা হয়েছে। একই সঙ্গে হেফাজতের কর্মীদের কারা খাবার ও অর্থসহায়তা করেছে, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।