হেফাজতের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নূরুল ইসলামকে মনোনীত করা হয়েছে। এর আগে তিনি হেফাজতের নায়েবে আমির ছিলেন। নূরুল ইসলাম ঢাকার খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ।
হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসেন কাসেমী ১৩ ডিসেম্বর মারা যান। এরপর থেকে মহাসচিব পদটি শূন্য হয়।

এদিকে হেফাজতে ইসলামের কমিটি ১৫১ থেকে বাড়িয়ে ২০১ সদস্যবিশিষ্ট করা হয়েছে। বর্ধিত কমিটিতেও হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানীর অনুসারী হিসেবে পরিচিত হেফাজত নেতাদের কাউকে রাখা হয়নি।

ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত ও কমিটির আকার বাড়ানোর কথা প্রথম আলোকে নিশ্চিত করেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

আজ শনিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর উপস্থিতিতে এক বিশেষ বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির নূরুল ইসলামকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। পাশাপাশি কমিটির আকার বাড়ানো হয়েছে। জুনায়েদ আল হাবীবকে সভাপতি ও মামুনুল হককে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর কমিটি এবং তাজুল ইসলামকে (পীরসাহেব ফিরোজশাহ) সভাপতি ও লোকমান হাকীমকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হয়।