হেফাজতের মতো সংগঠনকে সরকার গুরুত্ব দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হেফাজতের মতো কোনো অসংগঠিত সংগঠনকে সরকার গুরুত্ব দেয় না। আজ শনিবার বিকেলে চাঁদপুরের কচুয়া ডাকবাংলো-সংলগ্ন মসজিদের নবনির্মিত মার্কেট উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব কথা হেফাজত ইসলামের তরফ থেকে বলা হচ্ছে ও যেসব কথার মধ্য দিয়ে জনগোষ্ঠীর অর্ধেক নারী সম্প্রদায়কে তেঁতুলের সঙ্গে তুলনা করা হয়েছে, সেগুলোর জন্য তাদের (হেফাজত-সমর্থক) তেঁতুলতলায় বাস করতে দেওয়া উচিত।
এর আগে উপজেলার আটমোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারে অধীনে এ দেশে আর কখনো নির্বাচন হবে না।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান ভূঁইয়া, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার প্রমুখ।

ধর্মের অপব্যাখ্যা করে নারীর অগ্রযাত্রা থামানো যাবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ধর্মে বিশ্বাসী। কিন্তু ধর্মের অপব্যাখ্যা করে বাংলাদেশের নারীর অগ্রযাত্রা তথা সমগ্র জাতির অগ্রযাত্রা কেউ রুদ্ধ করতে পারবে না।’
আজ শনিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউস মিলনায়তনে দুস্থ ও অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে চেক ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ইসলামি দলগুলো নারীর অধিকার নিয়ে যেসব অপব্যাখ্যা দিচ্ছে, তা ধর্ম ব্যবসা ছাড়া আর কিছুই না। যারা ধর্মের অপব্যবহার করে ও অপব্যাখ্যা দেয়, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।