হেফাজতের মহাসচিব জুনায়েদ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত আটটার দিকে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, মাওলানা জুনায়েদ একটি ব্যক্তিগত গাড়িতে করে লালবাগ মাদ্রাসা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছিলেন। এর কিছুক্ষণ পরেই ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রাতে তাঁকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

তাণ্ডবের ঘটনায় ১২টি মামলা

হেফাজতে ইসলামের ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, সম্পদ নষ্ট, হত্যাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর পল্টন এবং মতিঝিল থানায় গতকাল রাতে ১২টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে পল্টন থানায় একটি হত্যা মামলা রয়েছে।

পুলিশের মতিঝিল বিভাগের একজন কর্মকর্তা বলেন, ১২টির মধ্যে পুলিশ বাদী হয়ে পাঁচটি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষে বাকি মামলা করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে অধিকাংশই হেফাজতের শীর্ষনেতা। তবে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীকে এখনো পর্যন্ত ওই সব মামলায় আসামি করা হয়নি। তবে কয়েকটি মামলার প্রধান আসামি হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।