হেফাজতের মহাসচিব বাবুনগরী আরও ২২ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে আরও ২২ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিঝিল থানার তিনটি মামলায় গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিতে সহিংস ঘটনায় পুলিশ এসব মামলা করে।বাবুনগরীকে ৬ মে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তিনি মতিঝিল থানার একটি মামলায় নয় দিন পুলিশের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাঁকে গতকাল আদালতে হাজির করে ওই মামলায় আরও ছয় দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া মতিঝিল থানার অপর দুটি মামলার প্রতিটিতে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত নয় দিন করে মোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডের জন্য আদালতে পুলিশের দেওয়া প্রতিবেদনে বলা হয়, ১৩ দফা আদায়ের জন্য হেফাজতে ইসলামের সঙ্গে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা যুক্ত হয়ে ৫ মে অবরোধ শেষে মতিঝিলে অবস্থান নিতে থাকেন। এ সময় তাঁরা মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল এলাকায় জঙ্গি কায়দায় লাঠি, লোহার রড, দেশীয় অস্ত্র, ইট ও বোমা নিক্ষেপ করে যানবাহন চলাচলে বাধা ও ত্রাসের সৃষ্টি করেন। পুলিশ তাঁদের বারবার চলে যাওয়ার জন্য অনুরোধ করলেও তাঁরা তা উপেক্ষা করেন। ৫ মে দিবাগত রাত আড়াইটায় ওই স্থান থেকে তাঁদের উচ্ছেদের জন্য পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানের সময় তাঁরা পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালান এবং বোমার বিস্ফোরণ ঘটান।