হেফাজতের মহাসমাবেশ নিয়ে ভিন্ন মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আগামীকাল মঙ্গলবারের মহাসমাবেশ নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের তরফ থেকে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী মহাসমাবেশ স্থগিত করার কথা জানিয়েছিলেন। আজ সোমবার বারিধারার জামেয়া মাদানিয়া মাদ্রাসায় সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘যাবতীয় প্রস্তুতি থাকা সত্ত্বেও সরকারের বাধার কারণে আমাদের মহাসমাবেশ বাস্তবায়ন করতে পারছি না।’ তিনি সরকারের বাধার নিন্দা জানান এবং এর বিচারের ভার জনগণের আদালতে দেন।

তবে যোগাযোগ করা হলে সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী প্রথম আলো ডটকমকে বলেন, সমাবেশ স্থগিত করার কোনো সিদ্ধান্ত তাঁরা এখনো নেননি। সমাবেশের অনুমতি লাভের জন্য সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন মহলের সঙ্গে তাঁদের আলোচনা চলছে।

কেন্দ্রীয় নায়েবে আমির নূর হোসাইন কাসেমী দাবি করেন, আজ সকাল ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরী। তবে পুলিশের বাধায় তাঁরা আসতে পারেননি।

এ ব্যাপারে হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, বেলা ১১টা ৪০ মিনিটে হাটহাজারী বড় মাদ্রাসা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশে রওনা হন শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরী। তাঁরা মাদ্রাসার ফটক থেকে বের হওয়ার পর পুলিশের ৫০ জনের একটি দল তাঁদের থামায়। তাঁরা এই অবরোধ পরিস্থিতিতে ঢাকায় না যাওয়ার জন্য হেফাজতের এ দুই শীর্ষ নেতার প্রতি অনুরোধ করেন। পুলিশের অনুরোধ মেনে নিয়ে তাঁরা মাদ্রাসার ভেতর ফিরে যান।

এ ঘটনার পর দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় এক ব্রিফিংয়ে জুনায়েদ বাবুনগরী সাংবাদিকদের বলেন, ‘পুলিশের বাধার মুখে আমরা আজ ঢাকায় যেতে পারিনি।’

হেফাজতের আমির শাহ আহমদ শফী ও মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা যেতে পুলিশ বাধা দিয়েছে, এমন খবর পেয়ে হাজারো ছাত্র উত্তেজিত হয়ে মাদ্রাসা থেকে বের হয়ে আসেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। পরে জুনায়েদ বাবুনগরীর নির্দেশে তাঁরা মাদ্রাসায় ফিরে যান। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এর আগে ৫ মে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। ওই দিন দিনভর সংঘর্ষে নিহত হন অন্তত ১০ জন। ঢাকার প্রবেশমুখগুলোতে অবরোধ শেষে মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশে যোগ দিতে এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন সংগঠনের নেতা-কর্মীরা। এরপর অনির্দিষ্ট সময়ের জন্য শাপলা চত্বরে অবস্থানের ঘোষণা দেন তাঁরা। তবে রাত আড়াইটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষের কারণে ওই দিন পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, শান্তিনগর, মালিবাগ ও মতিঝিল এলাকার বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়ে। তারা ঘর থেকে বের হতে পারছিল না। এমনকি পল্টন এলাকায় অনেক অফিসের কর্মীরা আটকা পড়েন।

কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করাসহ ১৩ দফা দাবিতে ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। তাদের এ কর্মসূচির প্রতি সমর্থন জানায় বিএনপি ও এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।