হেফাজতের মামলায় রফিউর রাব্বির জামিন
ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তির অভিযোগ এনে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সমন্বয়ক ফেরদাউসুর রহমানের দায়ের করা মামলায় জামিন পেয়েছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি।
আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মেহেদী হাসানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন রফিউর রাব্বি। আদালত তা মঞ্জুর করেন।
রফিউর রাব্বির আইনজীবী মাহবুবুর রহমান মাসুম বলেন, ‘রফিউর রাব্বি ধর্মবিরোধী কোনো বক্তব্য দেননি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি। তিনি সন্তানহারা বাবা। চার বছর ধরে ছেলে ত্বকী হত্যার বিচারের দাবিতে তিনি আন্দোলন-সংগ্রাম করে আসছেন। ছেলে হত্যার বিচার চাওয়াটাই তাঁর অপরাধ। এ আন্দোলন থেকে তিনি যেন সরে দাঁড়ান, সে জন্য এই মিথ্যা মামলা করা হয়েছে।’
মামলার বাদীপক্ষের আইনজীবী সুলতানুল আরেফিন বলেন, পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। আদালত দুই পক্ষের শুনানি শেষে রফিউর রাব্বির জামিন মঞ্জুর করেছেন।
গত ১৯ এপ্রিল শ্রুতি সাংস্কৃতিক একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে কটূক্তি করার অভিযোগ এনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির বিরুদ্ধে মামলাটি হয়। বাদী হেফাজতের নেতা ফেরদাউসুর রহমানের অভিযোগ আমলে নিয়ে ৭ মে জেলা গোয়েন্দা পুলিশকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়।