হেফাজতের মিছিল থেকে নির্মূল কমিটির সমাবেশে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে হেফাজতে ইসলামের মিছিল থেকে গতকাল শনিবার সকালে ঘাতক দালাল নির্মূল কমিটির সমাবেশে হামলা চালানো হয়েছে। এতে পুলিশসহ অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হেফাজতের লংমার্চ ও মতিঝিলের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়ে হরতাল চলাকালে গতকাল সকাল নয়টার দিকে নির্মূল কমিটির নেতা-কর্মীরা মহাখালীর আমতলী ক্রসিংসংলগ্ন উড়ালসেতুর নিচে রাস্তার ওপর চেয়ার-টেবিল পেতে সমাবেশ শুরু করেন। নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন এ সময় সেখানে উপস্থিত ছিলেন। সোয়া ১০টার দিকে সমাবেশের পাশ দিয়ে হেফাজতে ইসলামের একটি মিছিল মতিঝিলের সমাবেশে যোগ দিতে যাচ্ছিল। এ সময় সমাবেশ থেকে মাইকে উসকানিমূলক স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ স্লোগান শুনে হেফাজতের মিছিলের পেছনের দিকে থাকা প্রায় ৬০০-৭০০ কর্মী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল ও পানির বোতল ছোড়েন। একপর্যায়ে তাঁরা ব্যানার কেড়ে নেন। মাইক ও প্লাস্টিকের বেশ কিছু চেয়ার আছড়ে ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় ইটের আঘাতে বনানী থানার উপপরিদর্শক (এসআই) ইমদাদ হোসেন আহত হন। আরও আহত হন নির্মূল কমিটির সাতজন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।হামলার পর হেফাজতের আরও কয়েকটি মিছিল সমাবেশস্থল অতিক্রম করার সময় শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুন পাশের একটি দোকানে অবস্থান নেন। পুলিশ ও র‌্যাবের সদস্যরা এ সময় সমাবেশস্থল ঘিরে রাখেন। বেলা ১১টার দিকে মহাখালী রেলগেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হেফাজতে ইসলামের আরেকটি মিছিল সেখানে পৌঁছালে তাঁরা দ্রুত স্থান ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শী তানভীর আহমেদ বলেন, হেফাজতের কয়েক হাজার কর্মী মিছিল নিয়ে আমতলী ক্রসিং পার হওয়ার সময় নির্মূল কমিটির জমায়েতে শ-খানেক লোক ছিলেন। আর পুলিশের সংখ্যা ছিল শতাধিক। একপর্যায়ে ‘জয় বাংলা, রাজাকারের ফাঁসি চাই’, ‘রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘রগকাটা লংমার্চ বন্ধ করো, বন্ধ করো’—এসব স্লোগান শুনে মিছিলকারীদের একটি অংশ পেছন থেকে ঘুরে গিয়ে মঞ্চে হামলা করে। তারা হাতে থাকা বোতল, জুতা ও ইট নিক্ষেপ করে।ঘটনাস্থলে থাকা অধ্যাপক মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, পুলিশের নীরবতার সুযোগে তাঁদের অন্তত সাতজন কর্মীকে আহত করা হয়েছে। এ হামলার সঙ্গে ছাত্রশিবিরের কর্মীরা জড়িত। বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নেওয়া যুবকদের পুলিশ সরিয়ে দিলে এ অবস্থার সৃষ্টি হতো না। তিনি বলেন, পুলিশ আসলে মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষে যেতে চায়নি। ঘটনার সময় হামলাকারীরা যতই সমাবেশ-মঞ্চের দিকে এগোচ্ছিল, পুলিশ ততই পিছিয়ে যাচ্ছিল।পরে দুপুর ১২টার একটু আগে উড়ালসেতুর নিচে একই স্থানে আবার সমাবেশ শুরু হয়। কয়েকজন নেতা-কর্মী বক্তব্য রাখার পর বেশ কিছুক্ষণ চলে গণসংগীত।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান বলেন, হেফাজতের মিছিল আসতে দেখে নির্মূল কমিটির নেতা-কর্মীদের মাইক বন্ধ করার অনুরোধ করলেও তাঁরা শোনেননি। পুলিশের নীরব থাকার অভিযোগ অস্বীকার করে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিজামুল হক মোল্যা বলেন, পুলিশ যথাযথ দায়িত্ব পালন করেছে। হেফাজতের কর্মীদের হামলায় পুলিশের একজন এসআই আহত হয়েছেন।