হেফাজতের লংমার্চ প্রত্যাখ্যানের আহ্বান তিন সংগঠনের
হেফাজতে ইসলামকে ‘জামায়াতের হেফাজতকারী’ আখ্যা দিয়ে তাদের কর্মসূচি প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে ধর্মভিত্তিক তিনটি সংগঠন। গতকাল ঢাকা ও চট্টগ্রামে পৃথক আলোচনা ও সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি করা হয়। ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ: জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামকে ‘ফেতনা সৃষ্টিকারী’ বলে দাবি করে তাদের সব কার্যক্রম বর্জন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ নামের একটি সংগঠন। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আলেমদের করণীয়’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় সংগঠনটির নেতারা এ আহ্বান জানান। তাঁরা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরু হওয়ার পর মওদুদীবাদের অনুসারীরা জাতিকে বিভক্ত করার জন্য নতুন প্রজন্মের স্বাধীনতার পক্ষের জনগণকে মুরতাদ ও নাস্তিক ঘোষণা করছে। গুজব ছড়িয়ে ধর্মপ্রাণ মুসলমানদের সরকারবিরোধী আন্দোলনে নামানো এবং সংখ্যালঘুদের ওপর হামলা করা হচ্ছে।আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এস এইচ আরিফ বিল্লাহ, নূর মো. আহাদ আলী, হারুনুর রশীদ প্রমুখ।ইসলাম ও স্বাধীনতা সংরক্ষণ পরিষদ: হেফাজতে ইসলামের লংমার্চ কর্মসূচি অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইসলাম ও স্বাধীনতা সংরক্ষণ পরিষদ নামের একটি সংগঠন।গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে হেফাজতের লংমার্চ প্রত্যাহার না হলে পাল্টা কর্মসূচি দেওয়ারও হুমকি দেওয়া হয়।সংগঠনের মহাসচিব এইচ এম মুজিবুল হক দাবি করেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে জামায়াত-শিবিরের প্রত্যক্ষ মদদে হেফাজতে ইসলাম লংমার্চের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দিয়েছে। এ ধরনের কর্মসূচি ইসলাম ও দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। তিনি লংমার্চ প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান।পরবর্তী করণীয় নির্ধারণে আজ মঙ্গলবার বিকেল চারটায় চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউটে আলেম-ওলামা, পীর-মাশায়েখ, বুদ্ধিজীবী ও পেশাজীবী সমাবেশ ডাকা হয়েছে। তরিকত ফেডারেশন: হেফাজতে ইসলামের লংমার্চ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জামায়াত-শিবির মানুষ হত্যা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশ তরিকত ফেডারেশন।গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তরিকত ফেডারেশন এ আশঙ্কার কথা বলেছে। একই সঙ্গে লংমার্চে সহিংসতা কিংবা মাদ্রাসার ছাত্রদের কোনো ক্ষতি হলে এর দায়দায়িত্ব হেফাজতে ইসলামকে নিতে হবে বলে হুঁশিয়ার করেছে।