হেফাজতের লংমার্চে বিকল্পধারার সমর্থন
হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে বিকল্পধারা বাংলাদেশ। দলের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানান।বিবৃতিতে বদরুদ্দোজা চৌধুরী বলেন, আমরা প্রথম থেকেই বলেছি, ইসলাম ও প্রিয় রাসুল (সা.)কে অপমান করার যেকোনো অপচেষ্টার বিরোধিতা করব। যখন এই প্রশ্নটি উঠল, তখন আমরা সরকারকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, ইসলাম এবং হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে যে বা যারা অপপ্রচার চালাচ্ছে; তাদের অবিলম্বে গ্রেপ্তার করুন ও শাস্তি দিন।বদরুদ্দোজা চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো বক্তব্য এলে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্যদাতাকে গ্রেপ্তার করা এবং শাস্তির বিধান করা হয়। তাহলে কেন রাসুল (সা.)-এর বিরুদ্ধে হীন মন্তব্যকারীদের বিরুদ্ধে ছয় সপ্তাহ পরও ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্বভাবতই দেশের মানুষ অপমানিত বোধ করতে পারে। হেফাজতে ইসলাম এ ব্যাপারে যে কর্মসূচি দিয়েছে তাতে ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন রয়েছে।