হেফাজতের লংমার্চে সমর্থন দিয়েছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামীও। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বুধবার এক বিবৃতিতে সমর্থন দেওয়ার কথা জানান। এর আগে বিএনপি, জাতীয় পার্টি ও বিকল্প ধারা বাংলাদেশ হেফাজতের আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণা করেছিল।বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘হেফাজতে ইসলাম ইমান রক্ষার দাবিতে আলেম-ওলামা, পীর-মাশায়েখদের নিয়ে একটি অরাজনৈতিক সংগঠন। যারা ইসলামকে সমূলে উৎপাটন করতে চায়, তারা অত্যন্ত সুকৌশলে হেফাজতে ইসলামকে রাজনৈতিক রূপ দিতে চায়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমি হেফাজতে ইসলামের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করছি।’ তিনি দল-মত, পেশা-নির্বিশেষে সবাইকে লংমার্চ কর্মসূচি সফল করার আহ্বান জানান। বিবৃতিতে হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে হুমকি দিয়েছেন, তার নিন্দা জানায় জামায়াত।