হেফাজতের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার বৈঠক
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখার দুজন কর্মকর্তা গতকাল বুধবার হেফাজতে ইসলামের প্রধান কেন্দ্র চট্টগ্রামের দারুল হাটহাজারী মাদ্রাসায় গিয়ে সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এ সময় হেফাজতের আমির শাহ আহমদ শফী ছিলেন না।
সূত্র জানায়, সকাল ১০টা থেকে প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ক্যাথলিন গিবিলিসকো হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি, সাংগঠনিক তৎপরতা, গত বছরের ৫ মে শাপলা চত্বরের ঘটনা, হাটহাজারী মাদ্রাসার পাঠ্য বিষয় ও পদ্ধতি এবং সমাজ গঠনে এর ভূমিকা সম্পর্কে খোঁজখবর নেন। এ ছাড়া কওমি শিক্ষাব্যবস্থা, এর সরকারি স্বীকৃতি এবং আলেম সমাজের সামাজিক সম্পৃক্ততা সম্পর্কেও জানতে চান বলে বৈঠকে উপস্থিত হেফাজতের নেতারা জানান।
বৈঠকের পর গণমাধ্যমে পাঠানো হেফাজতের বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁরা মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তাকে বলেছেন, হেফাজতে ইসলাম পবিত্র ইসলাম ধর্মের অবমাননা ও ঈমান-আকিদার ওপর আঘাত যেমন সহ্য করে না, তেমনি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলার ঘটনাকেও সমর্থন করে না। এর বাইরে হেফাজত কখনোই কোনো রাজনৈতিক তৎপরতায় জড়িত হবে না।
বৈঠক সূত্র জানায়, শাপলা চত্বরের ঘটনা প্রসঙ্গে ক্যাথলিন গিবিলিসকো হেফাজত নেতাদের বলেন, ‘শাপলা চত্বরের ঘটনার সময় আমি যুক্তরাষ্ট্রে ছিলাম। একজন ধর্মপ্রাণ মুসলমান কোরআন পুড়িয়েছে, এ কথা বিশ্বাস করা কষ্টকর।’
বৈঠকে দূতাবাসের সহকারী রাজনীতি বিশেষজ্ঞ লুবাইন চৌধুরী হেফাজত নেতাদের বক্তব্য বাংলায় অনুবাদ করে ক্যাথলিন গিবিলিসকো শোনান। এ সময় হেফাজতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, কেন্দ্রীয় নেতা আনাস মাদানী, মুঈনুদ্দীন রুহি, আজিজুল হক ইসলামাবাদী, হেফাজত গণমাধ্যম সচিব মুনির আহমদ প্রমুখ।