দেশের ১৮ জন বিশিষ্ট নাগরিক গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে নিষিদ্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, গত রোববার ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের নামে হেফাজত রাজধানীজুড়ে যে সহিংস তাণ্ডব চালিয়েছে, স্বাধীন দেশে তা নজিরবিহীন। মূলত যুদ্ধাপরাধীদের বিচার বানচালের উদ্দেশে হেফাজতে ইসলাম এই তাণ্ডবের মাধ্যমে তাদের জঙ্গিবাদী চেহারা দেশবাসীর সামনে উন্মোচন করেছে। হাজারো মিথ্যাচার ও অপকৌশলের আশ্রয় নিয়ে পূর্বপরিকল্পনামাফিক এই জঙ্গিশক্তি শাপলা চত্বরে অবস্থান নেয়। পাকিস্তানি ভাবাদর্শবাদী এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাঁদের ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে কেবল ধর্মকেই ঢাল হিসেবে ব্যবহার করেনি, জাতীয় পতাকা হাতে ‘দেশপ্রেমিক’ সাজারও চেষ্টা চালায় এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
বিবৃতিতে বিশিষ্টজনেরা আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, প্রকাশ্য সমর্থন দেওয়ার মাধ্যমে দেশের প্রধান বিরোধী দল জনগণের শক্তির ওপর নির্ভর না করে এই উগ্র জঙ্গিশক্তির ঘাড়ে পা রেখে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে উগ্র সাম্প্রদায়িক এই অপশক্তিকে প্রশ্রয় দেওয়ার পরিণতি কখনোই শুভ হতে পারে না।
বিবৃতিতে স্বাক্ষর করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, অর্থনীতিবিদ সনৎ কুমার সাহা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানুর রহমান, লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোজাফফর হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফায়েক উজ্জামান, দৈনিক সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনীরুজ্জামান, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য সুশান্ত কুমার দাস, সাংস্কৃতিক জোট রাজশাহীর সাধারণ সম্পাদক সৈয়দ শাফিকুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম আবু বকর ও নাট্যকার মলয় ভৌমিক।