হেফাজতের সভায় মুহিব্বুল্লাহ বাবুনগরী আমির নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির পদে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নির্বাচিত করা হয়েছে। গতকাল ঢাকার খিলগাঁও মাদ্রাসায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে তাঁকে আমির নির্বাচিত করা হয়। এর আগে তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা ছিলেন।

১৯ আগস্ট জুনায়েদ বাবুনগরী মারা গেলে আমির পদটি শূন্য হয়। ওই দিন জানাজার আগে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির ঘোষণা করেছিলেন সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম। গতকাল তা সাংগঠনিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিতি ছিলেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা ইয়াহিয়া, মাওলানা লোকমান হাকিম, যুগ্ম মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস প্রমুখ। মীর ইদ্রিস প্রথম আলোকে বলেন, সভায় সর্বসম্মতিক্রমে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমির নির্বাচিত করা হয়। এ ছাড়া হেফাজতের সংবিধান তৈরির জন্য একটি কমিটি গঠিত হয়েছে। মাদ্রাসা খোলা, আটক নেতা-কর্মীদের মুক্তির বিষয়ে সংগঠনের এক নেতার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে।

হাটহাজারী মাদ্রাসার বৈঠক: এদিকে হেফাজতের কেন্দ্রীয় দপ্তর হিসেবে পরিচিত হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক নির্ধারণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৮ সেপ্টেম্বর শুরা কমিটির বৈঠক ডাকা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য মাওলানা ইয়াহিয়া।