হেফাজতের সমাবেশ-পরবর্তী ঘটনার মামলার তদন্ত শেষ হয়নি
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ-পরবর্তী ঘটনায় করা মামলার তদন্ত এখনো শেষ হয়নি। সে সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় এসব মামলা করা হয়।
আজ মঙ্গলবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিং শেষে ডিএমপি কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, এ সময় ৪০টির বেশি মামলা করা হয়েছিল। যেসব ঘটনায় মামলা করা হয়েছিল, সেসব ঘটনায় মাঠপর্যায়ে কার কী ভূমিকা ছিল, তাঁদের পরিচয় কী—এ সম্পর্কে নিশ্চিত না হওয়ায় মামলার তদন্ত এখনো শেষ হয়নি। তদন্তাধীন মামলার মধ্যে উপপরিদর্শক (এসআই) শাহজাহান হত্যা ও ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুলিশের এক সদস্যকে হত্যাচেষ্টার মামলা রয়েছে।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেন, এসআই শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে বিভিন্ন সংগঠনের নেতাদের নাম এসেছে। কাদের নির্দেশে এ হত্যাকাণ্ড হয়, তাঁদের নাম এসেছে। কিন্তু ঘটনাস্থলে কারা ছিল, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের কারণে রাজধানী অবরুদ্ধ হয়ে পড়েছিল। মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর, পুরানা পল্টন, নয়াপল্টনসহ আশপাশের এলাকায় সেদিন ব্যাপক সহিংসতা ও তাণ্ডব চালানো হয়। পরে গভীর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানের মুখে শাপলা চত্বর ছাড়তে বাধ্য হন হেফাজতের নেতা-কর্মীরা।