হেফাজতের সমাবেশে ‘গণহত্যার’ অভিযোগ জামায়াতের
জামায়াতে ইসলামী দাবি করেছে, রোববার রাতে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ, র্যাব, বিজিবি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ১৪ দলের সন্ত্রাসীরা বর্বরোচিত ‘গণহত্যা’ চালিয়েছে। গতকাল সোমবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ দাবি করেন এবং এর নিন্দা ও প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ সমাবেশে গভীর রাতে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও হাজার হাজার গুলি চালিয়ে শত শত মানুষকে নির্বিচারে হত্যা এবং কয়েক হাজার মানুষকে আহত করা হয়। নিহত ব্যক্তিদের লাশ গুম এবং সরকারের এ নৃশংসতা যাতে জনগণের সামনে প্রকাশ হয়ে না পড়ে, সে জন্য সরকার দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন বন্ধ করে দিয়েছে বলে দাবি করা হয়। বিবৃতিতে ‘জালেম সরকারের’ বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।