হেফাজতের সহিংস ঘটনায় ৫ জামায়াত নেতা কারাগারে
হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় রাজধানীর পুরানা পল্টন থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এই আদেশ দেন।
গত বছরের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা মামলায় পাঁচ নেতাকে গতকাল বুধবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন শাহবাগ থানা জামায়াতে ইসলামীর রুকন হেলাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য ফারুক হোসেন, শুরা সদস্য আবদুল্লাহ আল ছানী, সদস্য বেলাল হোসেন ও হাজী ট্রাভেলস অ্যান্ড টুরসের ব্যবস্থাপক (ম্যানেজার) ইকবাল হোসেন।
আজ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক সারোয়ার হোসেন আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। আদালত শুনানি শেষে রিমান্ড ও জামিনের উভয় আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা ১৩ দফা আদায়ের জন্য গত বছরের ৫ মে অবরোধ শেষে মতিঝিল ও পল্টন এলাকায় অবস্থান নেন। এ সময় তাঁরা মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে দৈনিক বাংলার মোড় ও ফকিরাপুল এলাকায় জঙ্গি কায়দায় বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রড়, দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ ইট ও বোমা নিক্ষেপ করে যান চলাচলে বাধা ও বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। আসামিরা বিভিন্ন ভবন ও গাড়ি ভাঙচুর এবং ভবনে, গাড়িতে ও ফুটপাতের বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ করে সরকারি-বেসরকারি সম্পদের ক্ষতি সাধন করেন। এ ঘটনায় রাজধানীর মতিঝিল ও পল্টন থানায় একাধিক মামলা করে পুলিশ।