হেফাজতের হামলায় আহত যুবকের মৃত্যু
হেফাজতে ইসলামের সঙ্গে সংঘর্ষে আহত আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কর্মী সাইফুল ইসলাম (২২) গতকাল শুক্রবার বিকেলে মারা গেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামে।সাইফুল ইসলামের মৃত্যুর খবর শুনে সন্ধ্যায় ফতেহপুর এলাকার মদনহাট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেটে স্থানীয় বাসিন্দারা হেফাজতে ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ করেন। স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রাম সিটি করপোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘হেফাজতের বিরুদ্ধে এলাকার লোকজন বিক্ষুব্ধ। তাঁরা মিছিল সমাবেশ করছেন এবং প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা তাঁদের সংযত করার চেষ্টা করছি।’ গত ২৬ এপ্রিল চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে রিসালাত সম্মেলন করে হেফাজতে ইসলাম। এ সময় হেফাজতের সমাবেশ থেকে একদল লোক জমিয়াতুল ফালাহ মসজিদে প্রবেশ করে খতিব জালালুদ্দিন আল কাদেরির ওপর হামলা চালায়। এ ঘটনায় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের কর্মীদের সংঘর্ষ হয়। হাটহাজারী এলাকায় সংঘর্ষে গুরুতর আহত হন আহলে সুন্নাতের কর্মী সাইফুল ইসলাম।আজ শনিবার বিকেলে নগরের লালদীঘি মাঠে নিহত সাইফুলের জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে কর্মসূচি ঘোষণা হতে পারে। জানতে চাইলে আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সদস্যসচিব মোছাহেদ উদ্দিন বলেন, ‘হেফাজতের কর্মীদের হামলায় আমাদের একজন নিহত হয়েছেন। আমরা জানাজার মাঠ থেকে কর্মসূচি দেব।’