হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি প্রতিহত করার ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকেরা। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজ’-এর ব্যানারে গতকাল মঙ্গলবার এক মানববন্ধনে আওয়ামী লীগ ও বাম-সমর্থক শতাধিক শিক্ষক এ আহ্বান জানান। তাঁরা ১৩ দফাকে ‘অন্ধকার যুগের সনদ’ বলে আখ্যায়িত করেছেন। অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকেরা বলেন, হেফাজতে ইসলামের পক্ষে যে দাবি জানানো হয়েছে, তা এককথায় রাষ্ট্রদ্রোহের শামিল। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করাই তাদের মূল লক্ষ্য। কোনোভাবেই এটি মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আবার যুদ্ধ করা হবে। তিনি হেফাজতের দাবির কাছে মাথা নত না করতে সরকারের প্রতি আহ্বান জানান।নীল দলের আহ্বায়ক অধ্যাপক এস এম ইমামুল হক বলেন, ধর্মান্ধতা থেকে বেরিয়ে আসতে দেশকে স্বাধীন করা হয়েছিল। জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ মো. আখতারুজ্জামান বলেন, ‘কোরআন ও হাদিসে উল্লেখ রয়েছে, ইসলাম ধর্মের রক্ষক স্বয়ং আল্লাহ। সেখানে কোনো সংগঠন বা ব্যক্তির ইসলাম ধর্মকে হেফাজত করার কথা বলা ধৃষ্টতার শামিল।’ শিক্ষক সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আ ব ম ফারুক বলেন, এই ১৩ দফা দাবি বাস্তবায়ন করা হলে তা হবে বাংলাদেশকে মধ্যযুগের দিকে ঠেলে দেওয়া।’হেফাজতের ১৩ দফার মধ্যে রয়েছে, ‘নাস্তিক-মুরতাদদের’ গ্রেপ্তার করে কঠোর শাস্তিদান, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধ করা, নারীনীতি বাতিল, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধ করা ইত্যাদি।