বাংলাদেশ সফররত জাতিসংঘের (ইউএন) নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার রাশিদা মানজু বলেছেন, ‘হেফাজতে ইসলাম ১৩ দফায় প্রকাশ্যে নারী-পুরুষের চলাফেরাসহ যেসব নিষেধাজ্ঞা চেয়েছে, তা এ দেশের সংবিধানসম্মত নয়। নারীর অধিকার রক্ষার স্বার্থে হেফাজতের এ ধরনের দফার বিরুদ্ধে সরকারকেই যথাযথ পদক্ষেপ নিতে হবে।’গতকাল বুধবার রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশের ইউএন অফিস আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশিদা বলেন, ‘আমি হেফাজতে ইসলামের ১৩ দফা সম্পর্কে অবগত। বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমান অধিকার দিয়েছে।’সরকারের আমন্ত্রণে রাশিদা মানজু ১৯ মে বাংলাদেশ সফরে আসেন। ১০ দিনের সফরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, বার্ন ইউনিট, ঢাকা ও যশোরে সরকার ও এনজিও পরিচালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্র, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল এবং ঢাকা জেলখানার নারী ওয়ার্ড পরিদর্শন করেন। মতবিনিময় করেন সরকারের বিভিন্ন মহলের প্রতিনিধিদের সঙ্গে।
জাতিসংঘের এ ধরনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রাশিদা মানজুই প্রথম, যিনি বাংলাদেশের নারী নির্যাতন, নির্যাতনের কারণ এবং এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য ঘটনা পর্যবেক্ষণ করছেন। এই সফরকে কেন্দ্র করে ২০১৪ সালের জুনে রাশিদা মানজু জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি সমন্বিত প্রতিবেদন জমা দেবেন।সংবাদ সম্মেলনে বাংলাদেশ সফরের পরিপ্রেক্ষিতে রাশিদা মানজু একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে তিনি নারী নির্যাতন বন্ধে সরকারের কাছে বিভিন্ন সুপারিশ করেন। এরপর তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
রাশিদা মানজু বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ঢুকতে সরকারের নিষেধাজ্ঞা থাকায় সেখানকার নারীদের সঙ্গে তিনি কথা বলতে পারেননি। সাংবাদিকদের পক্ষ থেকে সরকারের নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে তিনি জানান, সরকার নিরাপত্তার প্রশ্ন তুলে এই নিষেধাজ্ঞা দিয়েছে।রাশিদা বলেন, বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষ বসবাস করে। সবার ধর্ম অনুযায়ী বিয়ে, তালাকের মতো বিষয়গুলো নির্ধারিত হয়। তাই এ দেশে সব ধর্মের নারী-পুরুষের অধিকার রক্ষায় অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন একটি বড় চ্যালেঞ্জের বিষয়। তবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এ ধরনের আইন প্রণয়ন করা সম্ভব।
এ ধরনের আইন প্রণয়ন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে কি না—এই প্রশ্নের উত্তরে রাশিদা বলেন, এখানে ধর্মীয় রীতি বাদ দেওয়ার বিষয়টি আসছে না। ধর্মীয় রীতির পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে দেশের সব নাগরিকের জন্য বিয়ে, তালাক ইত্যাদি বিষয়ে নিবন্ধনসহ একটি আইনি কাঠামো মেনে চলার কথা বলা হচ্ছে।রাশিদা মানজু নারী নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ বা সিডও সনদসহ আন্তর্জাতিক বিভিন্ন সনদ অনুমোদন ও অনুস্বাক্ষর করা, দেশীয় প্রেক্ষাপটে বিভিন্ন শক্তিশালী আইন প্রণয়নের কথা তুলে ধরেন তিনি। তবে সিডও সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারায় সরকারের নিষেধাজ্ঞা বলবৎ থাকায় এই সনদ নারীর অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারছে না বলে রাশিদা উল্লেখ করেন। তিনি জানান, সরকারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, এই সনদের গুরুত্বপূর্ণ দুটি ধারা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। তিনি সরকারের প্রতি দ্রুত এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করেন।
রাশিদা মানজু তাঁর লিখিত বক্তব্যের সুপারিশে বাল্যবিবাহ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নেওয়া; মেয়ের চেয়ে ছেলেসন্তানকে প্রাধান্য দেওয়াসহ যেসব রীতি বা আচার প্রচলিত, তার পরিবর্তন ঘটানো; ধম-বর্ণনির্বিশেষে সবার জন্য বৈষম্যহীন সমাজ গঠনসহ মোট সাতটি বিষয়ের উল্লেখ করেছেন।
রাশিদা মানজু দক্ষিণ আফ্রিকার নাগরিক। জাতিসংঘের এই বিশেষ দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। তিনি দক্ষিণ আফ্রিকায় কমিশন অন জেন্ডার ইক্যুয়ালিটির সংসদীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।