হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে ২৭ এপ্রিল নারী সমাবেশ
হেফাজতে ইসলামের ১৩ দফার প্রতিবাদে ২৭ এপ্রিল ঢাকায় প্রতিবাদী নারীদের গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে ৮০টির বেশি বেসরকারি সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪-দলীয় জোটের সঙ্গে এক মতবিনিময় সভায় নারী সমাবেশের উদ্যোক্তারা এ কথা জানান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, নারীদের সমাবেশে ১৪ দল এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তিনি বলেন, যারা দেশের অগ্রগতির চাকাকে ভেঙে দিতে চায়, যারা নারীর শক্তিকে খর্ব করতে চায়, তাদের প্রতিহত করা হবে। সভায় বক্তারা বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার বানচাল, শাহবাগের আন্দোলনকে আঘাত ও দেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করতে একটি অপশক্তি হেফাজতে ইসলাম সৃষ্টি করেছে। তাঁরা বলেন, আন্দোলনের মাধ্যমে উল্টো হেফাজতে ইসলামকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে।জাসদের শিরীন আখতার ও মহিলা পরিষদের রেখা চৌধুরী বলেন, হাইকোর্টের সামনের কদম ফোয়ারাকে কেন্দ্র করে ২৭ এপ্রিল বিকেল তিনটায় সমাবেশ হবে। এর চারপাশে যতদূর যায়, ততদূর পর্যন্ত নারীরা অবস্থান নেবেন। সভার সভাপতি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, ‘শাহবাগে তরুণ প্রজন্মের যে জাগরণ ঘটেছে, তাকে নস্যাৎ করতে অপশক্তি হেফাজতে ইসলাম সৃষ্টি করেছে। তারা আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছে। এদের বিরুদ্ধে সারা দেশের নারী সমাজকে জাগাতে হবে।’আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা গ্রহণ করতে গেলে এ দেশের তৈরি পোশাকশিল্প খাত ধ্বংস হয়ে যাবে। আর পোশাকশিল্প খাত ধ্বংস হয়ে গেলে, দেশও ধ্বংস হয়ে যাবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ইসলাম নারীকে যে মর্যদা দিয়েছে, হেফাজতে ইসলাম তা-ও দিতে রাজি নয়। এদের বিরুদ্ধে দেশের সর্বত্র আন্দোলন ছড়িয়ে দিতে হবে।শহীদজায়া শ্যামলী নাসরীন চৌধুরী বলেন, যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে হেফাজতে ইসলাম ১৩ দফা ফতোয়া নিয়ে এসেছে। নারীরা তাদের প্রতিরোধ নয়, প্রতিহত করবে।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংসদ আমেনা আহমেদ, তারানা হালিম, নাজমা আক্তার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, লেখক পান্না কায়সার, অভিনয়শিল্পী সারা যাকের, আইনজীবী তানিয়া আমীর, ক্রীড়া ব্যক্তিত্ব জোবেরা রহমান লিনু, নারী উদ্যোক্তা সেলিমা আহমেদ, ওমেন ফর ওমেনের সভাপতি জাকিয়া হাসান, নারীনেত্রী হাজেরা সুলতানা, রোকেয়া কবির, পোশাকশ্রমিক নেত্রী নাজমা আক্তার প্রমুখ।