হেফাজতের ৬৮ মামলার তদন্ত চার বছর ধরে থেমে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ পাঁচ জেলায় ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় করা ৬৮টি মামলার এখন আর তদন্তই হচ্ছে না। এসব মামলার তদন্ত নিয়ে পুলিশেরও এখন আগ্রহ নেই। আগামীকাল শুক্রবার সেই ঘটনার চার বছর পূর্ণ হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, বর্তমানে সরকারের সঙ্গে হেফাজতের সুসম্পর্ক তৈরি হওয়ায় এসব মামলার আর কোনো ভবিষ্যৎ নেই। হেফাজতের নেতারাও এ ব্যাপারে আশাবাদী।

ওই ঘটনায় সে সময় ঢাকাসহ পাঁচ জেলায় মোট ৮৩টি মামলা হয়। এর মধ্যে পুলিশ ১৫টি মামলার অভিযোগপত্র দিয়েছে। ইতিমধ্যে বাগেরহাটে একটি মামলার বিচার শেষ হয়েছে। এতে সব আসামি খালাস পেয়েছেন।

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার নিয়ে সরকারের সঙ্গে তাঁদের আলোচনা চলছে। তিনি আশা করেন, মামলাগুলো শিগগিরই প্রত্যাহার করা হবে।

অবশ্য এখন পর্যন্ত মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত না হলেও হেফাজতের বিভিন্ন দাবির ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি সরকার কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান বলে স্বীকৃতি দিয়েছে। সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য সরাতে হেফাজতের দাবির সঙ্গেও একমত সরকার। হেফাজতের দাবি অনুযায়ী পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হয়েছে বলে অভিযোগ আছে।

হেফাজতের সঙ্গে সরকারের সুসম্পর্কের কারণেই কি মামলার তদন্ত এগোচ্ছে না এবং এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না? এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ওই ঘটনার পর হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরীসহ অনেকে গ্রেপ্তার হন। অনেক আসামি জামিনে আছেন। আবার তাঁদের বিরুদ্ধে সাক্ষীও পাওয়া যায় না। এসব কারণে অভিযোগপত্র দিতে দেরি হচ্ছে।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে কথিত নাস্তিক ব্লগারদের শাস্তিসহ ১৩ দফা দাবিতে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। এসব দাবিতে ওই বছরের ৫ মে ঢাকার ছয়টি প্রবেশমুখে অবরোধ কর্মসূচি শেষে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন হেফাজতের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক। এর আগে দিনভর পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় মতিঝিল, পল্টন ও আশপাশ এলাকায় ফুটপাতের শত শত দোকান, ফুটপাতের পাশের লোহার বেষ্টনী এবং আশপাশের অনেক সরকারি-বেসরকারি স্থাপনা, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন রাতে পুলিশ, র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানের মুখে হেফাজতের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় রাজধানীসহ বিভিন্ন স্থানে হেফাজতের ২২ কর্মীসহ ৩৯ জন নিহত হন বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়।

এ ঘটনায় পাঁচ জেলায় মোট ৮৩টি মামলা হয়। এর মধ্যে রাজধানীতে ৫৩টি মামলা হয়। এসব মামলায় হেফাজতে ইসলাম, ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, নেজামে ইসলাম, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপি, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতা-কর্মীদের আসামি করা হয়। ৮৩ মামলায় ৩ হাজার ৪১৬ জনের নামসহ ৮৪ হাজার ৯৭৬ জনকে আসামি করা হয় বলে পুলিশ সদর দপ্তর জানায়। তবে হেফাজতের আমির শাহ আহমদ শফীকে কোনো মামলাতেই আসামি করা হয়নি।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, ৮৩টি মামলার মধ্যে রাজধানী ঢাকার কলাবাগান থানায় দুটি, রমনায় একটি, শেরেবাংলা নগর থানায় একটি, বাগেরহাটে ছয়টি, নারায়ণগঞ্জে পাঁচটিসহ মোট ১৫টি মামলায় ২০১৪ সালে হেফাজতে ইসলাম, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

এরপর হেফাজতের কেন্দ্রীয় কমিটির মহাসচিব জুনায়েদ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি ওয়াক্কাস, বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের কয়েকজন শীর্ষস্থানীয় নেতাসহ ৮৮ জনকে গ্রেপ্তারও করা হয়। অবশ্য পরে তাঁরা জামিনে মুক্তি পান।

হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে করা সব মামলাই মিথ্যা। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশ কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। ওই ঘটনায় করা মামলায় কিছু লোক জামিনে রয়েছেন, অন্যরা স্বাভাবিক চলাফেরা করছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, রাজধানীতে করা ৫৩টি মামলার মধ্যে চারটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি ৪৯টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় প্রায় আড়াই শ নেতার নামসহ অন্তত ৪০ হাজার লোককে আসামি করা হয়। আসামিদের অনেকেরই নাম ঘুরেফিরে প্রায় সব মামলায় রয়েছে।

তদন্তে সম্পৃক্ত থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ৫ মে ঘটনার পর হেফাজতের কেন্দ্রীয় নেতা জুনায়েদ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি ওয়াক্কাসসহ কয়েকজন শীর্ষ নেতাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা ওই সহিংসতার জন্য হেফাজতের কয়েকজন কেন্দ্রীয় নেতা, বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোটসহ কয়েকটি দলের নেতাদের দায়ী করে বক্তব্য দেন। একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। ৫ মে এক পুলিশ সদস্য নিহতের ঘটনায় বিএনপির শীর্ষস্থানীয় নেতা মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছিল।

গতকাল আইজিপি শহীদুল হক প্রথম আলোকে বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হেফাজতে ইসলামের সমাবেশের পেছনে বিএনপি-জামায়াতের বড় ইন্ধন ছিল।

ঢাকার বাইরে আরও মামলা

ঢাকার ঘটনার পরদিন ৬ মে হেফাজতে ইসলামের ডাকা সড়ক অবরোধে চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছয়জন নিহত হন। এ ঘটনায় হাটহাজারী থানার পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় ৫৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪-৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। আসামিরা সবাই স্থানীয় বিএনপির নেতা-কর্মী এবং হেফাজতের সমর্থক। এই মামলার তদন্ত শেষ হয়নি বলে হাটহাজারী থানার পুলিশ জানিয়েছে।

ঢাকার ঘটনাকে কেন্দ্র করে ওই দিন ও পরদিন বাগেরহাটে হেফাজতের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হেফাজতের দুজন কর্মী নিহত হন। এ ঘটনায় ফকিরহাটে চারটি ও বাগেরহাট সদর থানায় দুটি মামলা করে পুলিশ। এতে হেফাজত, জামায়াত ও স্থানীয় বিএনপির ৮৮ জন নেতা-কর্মীসহ ১০-১২ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

বাগেরহাটের জেলা পুলিশ সূত্র জানায়, হেফাজত, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে ছয়টি মামলায় ইতিপূর্বে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ফকিরহাট থানায় করা একটি মামলার রায়ে প্রায় ৪০০ আসামি খালাস পান। সাক্ষীর অভাবে তাঁরা খালাস পান বলে আদালত সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জের কাঁচপুর-শিমরাইল এলাকায় হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ-বিজিবির সংঘর্ষ ও নিহতের ঘটনায় সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় সাতটি মামলা হয়। এসব ঘটনায় পুলিশ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় ছয়টি মামলা করে। সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত এক বাসমালিকও আরেকটি মামলা করেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে পাঁচ মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি দুই মামলার তদন্ত এখনো শেষ হয়নি।

হেফাজতে ইসলামের তাণ্ডবের পর গত চার বছরেও এ-সংক্রান্ত মামলাগুলোর সুরাহা হয়নি। উপরন্তু হেফাজতের সঙ্গে সরকারের সুসম্পর্ক গড়ে উঠেছে বলে আলোচনা রয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা মামলার ক্ষেত্রে সরকার এখন শৈথিল্য দেখাচ্ছে। যাঁদের তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা শৈথিল্য দেখাচ্ছেন। তোড়জোড় করে হেফাজতের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছিল, আবার সবকিছু থমকেও গেল। মানুষ এসব ভালোভাবে নেয়নি।

[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন প্রথম আলোর ঢাকার আদালত প্রতিবেদক প্রশান্ত কর্মকার, চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক গাজী ফিরোজ ও বাগেরহাটের সংবাদদাতা ইনজামাম উল হক]