হেফাজতের 'কর্মী হত্যায়' আন্তর্জাতিক তদন্ত দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ওপর গত রোববার মধ্যরাতে ‘পৈশাচিক হত্যাযজ্ঞ’ চালানো হয়েছে বলে দাবি করেছে প্রধান বিরোধী দল বিএনপি। এ ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে দলটি।

গতকাল মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির এক বিবৃতিতে এ দাবি করা হয়। এই বিবৃতির মাধ্যমে হেফাজতে ইসলামের কর্মসূচি ও সরকারের অভিযানের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হয়।

বিএনপির দাবি, ওই রাতে আড়াই থেকে তিন হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে তারা বিভিন্ন সূত্রে জেনেছে। এ ছাড়া ‘মরদেহের ওপর দিয়ে ভারী যানবাহন চালিয়ে দেওয়া এবং ট্রাকভর্তি লাশ সরিয়ে নেওয়ার দৃশ্যও’ তারা বিভিন্ন আলোকচিত্র ও ভিডিওচিত্রে দেখেছে বলে দাবি করেছে। দলটি মনে করে, এই ‘হত্যাযজ্ঞ’ ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের সঙ্গে তুলনীয়। এটি ভারতের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকেও হার মানিয়েছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানের সই করা এই বিবৃতিতে বলা হয়, ‘শেখ হাসিনার সরকার গত ৫ মে রোববার মধ্যরাতের পর রাজধানী ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী লাখ লাখ নিরস্ত্র জনসাধারণের ওপর ভয়াবহতম যে পৈশাচিক হত্যাযজ্ঞ চালিয়েছে, তাতে দেশবাসী ও সচেতন বিশ্ববিবেকের সঙ্গে আমরাও স্তম্ভিত এবং গভীরভাবে বেদনাহত। নিজের দেশের মানুষের ওপর কোনো সভ্য সরকার এমন জঘন্য বর্বর হত্যাযজ্ঞ চালাতে পারে, তা আমাদের কাছে কল্পনাতীত। এই নৃশংস মারণযজ্ঞের প্রতিবাদ জানাবার ও শোক প্রকাশের ভাষা আমাদের নেই।’

বিএনপির স্থায়ী কমিটি মনে করে, ‘এই হত্যাযজ্ঞ সম্পূর্ণভাবে ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আওয়ামী সশস্ত্র ক্যাডারদের পূর্ব থেকে মোতায়েন করা, তাদের পরিকল্পিত তাণ্ডব, হেফাজতের ওপর এর দোষ চাপানো, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা, অভিযানের আগে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ঘটনাস্থল থেকে বিতাড়িত করা থেকে তা স্পষ্ট হয়ে উঠেছে।’

বিএনপির অভিযোগ, নিরস্ত্র জনগণের সমাবেশ ভাঙতে সরকার এপিসির (সাঁজোয়া যান) মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহূত ভয়ংকর বিভিন্ন মারণাস্ত্র ও সাজসরঞ্জাম ব্যবহার করেছে। এই ‘গণহত্যায়’ আইনশৃঙ্খলা ও আধা সামরিক বাহিনীর সঙ্গে সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরাও সরাসরি অংশ নিয়েছে। এ ঘটনায় সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো বিবরণ বা প্রেসনোট দেওয়া হয়নি। হতাহতের কোনো সঠিক পরিসংখ্যানও দেশবাসীকে জানানো হয়নি।

ওই দিন পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, দোকানপাট, বাণিজ্যকেন্দ্র, ফুটপাতের বইয়ের দোকান ও যানবাহনে বেপরোয়া হামলা, ভাঙচুর, আগুন এবং পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ‘সশস্ত্র ক্যাডাররা’ জড়িত বলে বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে হেফাজতে ইসলামকে অরাজনৈতিক সংগঠন উল্লেখ করে বিএনপি বলেছে, ‘হেফাজতের কিছু কিছু দাবির প্রতি বিএনপির সমর্থন থাকলেও অনেক দাবির সঙ্গে দ্বিমতও রয়েছে। আমরা এই গণহত্যার বিষয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাচ্ছি। দলমত-নির্বিশেষে বাংলাদেশের জনগণকে প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে শান্তিপূর্ণভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।’