হেফাজতের'কর্মী হত্যার' বিচার বিভাগীয় তদন্ত দাবি এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ‘কর্মী হত্যার’ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়ের সই করা ওই বিবৃতিতে অভিযোগ করা হয়, ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিল ও দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর পুলিশ ‘নির্বিচার গুলিবর্ষণ’ করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক তথ্য দেশবাসীর সামনে উপস্থাপন এবং ‘নিহতদের লাশ’ স্বজনদের কাছে হস্তান্তর করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।বিবৃতিতে এরশাদ বলেন, ‘হেফাজতে ইসলাম সরকারের অনুমতি নিয়েই শাপলা চত্বরে সমাবেশ করেছিল। সমাবেশ চলাকালে সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করেছে। সমাবেশস্থলের বাইরে যে ঘটনা ঘটেছে, তার দায়িত্ব হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দেওয়া যাবে না। যারা অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করা হোক। রাতের আঁধারে শান্তিপূর্ণভাবে অবস্থানরত এবং ঘুমন্ত হেফাজতের কর্মীদের ওপর যে ধরনের গুলিবর্ষণ এবং হামলা চালানো হয়েছে তা নজিরবিহীন। দেশে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া গণতন্ত্র, পরবর্তী নির্বাচন এবং সংবিধানের জন্য সহায়ক নয়।’

অবিলম্বে সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করে দেশবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানান এরশাদ।