সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ ও বিস্তারে নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্যের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এ দেশে তাঁর মতো একনিষ্ঠ সাংস্কৃতিক সংগঠকের বড়ই অভাব রয়েছে। এই অঞ্চলের নাটক ও আবৃত্তিকে প্রসারিত করতে তিনি নিবেদিতপ্রাণ সংগঠকের ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন গুণী মানুষকে হারিয়েছে। তিনি ছিলেন সিলেটবাসীর গর্ব।
গত শুক্রবার রাতে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় কবি নজরুল অডিটরিয়ামে সদ্যপ্রয়াত নাট্যব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিজামউদ্দিন লস্কর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রজতকান্তি গুপ্ত।
সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও প্রয়াতের সহধর্মিণী অনিমা ভট্টাচার্য। শিল্পী অনিমেষ বিজয় চৌধুরীর রবীন্দ্রসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শোকসভা শুরু হয়। এরপর প্রয়াতের কর্মময় জীবন পাঠ করেন নাট্যসংগঠক মু আনোয়ার হোসেন।
বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, হেমচন্দ্র ভট্টাচার্য তাঁর কর্মময় জীবনে সিলেট অঞ্চলের সংস্কৃতির বিকাশে, বিশেষ করে শিশুদের সংস্কৃতিচর্চায় যে অবদান রেখে গেছেন, তা যুগ যুগ ধরে আমাদের স্মরণ রাখতে হবে। তাঁর পদাঙ্ক অনুসরণ করে আরও অসংখ্য সংস্কৃতিকর্মী নিজেদের এই অঙ্গনে প্রতিষ্ঠিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুনির্মল কুমার দেব মীন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহিদুল ইসলাম। সভা শেষে জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমীর শিল্পীরাসহ স্থানীয় শিল্পীরা শোকসংগীত ও আবৃত্তি পরিবেশন করেন। গত ২৭ জুন হেমচন্দ্র ভট্টাচার্য পরলোকগমন করেন।