হেমন্তেই শীত!
বাংলা পঞ্জিকা অনুসারে প্রকৃতিতে এখন হেমন্তকাল। শীত আসতে আরও প্রায় দুই মাস বাকি। কিন্তু ঠাকুরগাঁওয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে শীতের আমেজ। সারা দিন কড়া রোদ থাকলেও সন্ধ্যা নামলেই বইতে থাকে হিমেল হাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ঠান্ডা।
সন্ধ্যার পরপরই এলাকাবাসী গায়ে হালকা শীতের কাপড় চড়াতে বাধ্য হচ্ছে। সকালে ঘাস ও গাছের পাতায় জমে থাকে শিশিরকণা। দিনে গরম, রাতের ঠান্ডায় এলাকায় বয়স্ক ও শিশুদের শ্বাসকষ্টজনিত রোগও বেড়ে গেছে। ঠাকুরগাঁও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত দুদিনে (মঙ্গলবার ও বুধবার) এখানে ৮০টি শিশু ভর্তি হয়েছে। এদের অধিকাংশই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে। গতকাল বুধবার হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয় আরও ১৫৭টি শিশুকে।
হাসপাতালের শিশু চিকিৎসক শাহজাহান নেওয়াজ বলেন, শ্বাসকষ্টের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করাতে হবে।