হেমন্তের আগমনে চট্টগ্রামে নাট্য হৈমন্তিকার উদ্বোধন
হেমন্তের হিমেল কুয়াশা ছড়িয়ে পড়েছে মিলনায়তনের বাইরে। নির্দিষ্ট সময়ের আগেই নাট্যপ্রেমী দর্শক-শ্রোতা ও আমন্ত্রিত অতিথিদের আনাগোনা চলছে ভেতরে-বাইরে। শীতের পরশ বুলিয়ে হেমন্তের আগমনে নাটক উপভোগ করতে এসেছে তারা।গতকাল সোমবার থেকে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ঋতুভিত্তিক নাট্যমেলা। সন্ধ্যায় ছিল এর উদ্বোধনী অনুষ্ঠান। ঋতুভিত্তিক নাট্যমেলা পরিষদ আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন নাট্য গবেষক ও পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পত্রিকার সাবেক সম্পাদক নৃপেন্দ্র সাহা। পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামে নিয়োজিত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জীবনানন্দ দাশের কবিতা ‘বাংলার রূপ আমি দেখিয়াছি’ আবৃত্তি করেন মিলি চৌধুরী।উদ্বোধক নৃপেন্দ্র সাহা বলেন, ‘আইনত বিদেশ হলেও বাংলাদেশে প্রায় প্রতিবছরই আসি এ দেশের আলো-হাওয়া ও প্রকৃতির সামান্য ভোক্তা হিসেবে। রবীন্দ্রনাথের রক্তকরবী মঞ্চায়নের ক্ষেত্রে তির্যক নাট্যদল সেরা কাজটি করে চলেছে।’অতিথির বক্তব্যে সোমনাথ ঘোষ বলেন, হেমন্তের নাট্য উৎসবে কলকাতা থেকে বিশিষ্ট নাট্যজন উপস্থিত আছেন চট্টগ্রামে। দুই বাংলারই নাট্যজনদের অনেক কিছু শেখার আছে। তাই দেওয়া-নেওয়ার পরিমাণটা বাড়াতে হবে। নাট্যশিল্প বেঁচে থাকে দর্শকের হাত ধরে। দর্শকেরই উচিত নাটককে বাঁচিয়ে রাখতে নাটক দেখা। আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘১৯৯১ সাল থেকে শুরু ঋতুভিত্তিক নাট্যমেলার এবারের আয়োজন ৯৯তম। আশা করি, আগামী শীতে মাঘ নিশীথে নাটকের মাধ্যমে আমরা শততম আয়োজন করতে পারব।’আলোচনা শেষে নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্সের খুদে শিল্পীরা। এর পরপরই তির্যক নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ হয় রক্তকরবী।আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রমা আবৃত্তি সংগঠন পরিবেশন করবে সোজন বাদিয়ার ঘাট। আগামীকাল বুধবার একই সময়ে লোক থিয়েটার পরিবেশন করবে সময়ের প্রয়োজনে। এ ছাড়া বৃহস্পতিবার কোর্ট মার্শাল, শুক্রবার সোয়াত, শনিবার বিয়ে এবং রোববার অতি সাধারণ চিকিৎসক মঞ্চস্থ হবে।